২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় ম্যাচেও অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ডের হার

অ্যাশেজ সিরিজ হারের রীতিমতো বদলা নিচ্ছে অস্ট্রেলিয়া। ক্যামেরোন হোয়াইটের শতকে বুধবার তৃতীয় একদিনের ম্যাচটিও জিতে নিয়েছে ৬ উইকেটে। সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে দিন-রাতের ম্যাচে টসে জিতে ব্যাটিং নেন ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। কিন্তু অধিনায়কের সিদ্ধান্তকে মোটেও কাজে লাগাতে পারেননি স্বাগতিক ব্যাটসম্যানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 04:18 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাশেজ সিরিজ হারের রীতিমতো বদলা নিচ্ছে অস্ট্রেলিয়া। ক্যামেরোন হোয়াইটের শতকে বুধবার তৃতীয় একদিনের ম্যাচটিও জিতে নিয়েছে ৬ উইকেটে। সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে দিন-রাতের ম্যাচে টসে জিতে ব্যাটিং নেন ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। কিন্তু অধিনায়কের সিদ্ধান্তকে মোটেও কাজে লাগাতে পারেননি স্বাগতিক ব্যাটসম্যানরা। উদ্বোধনী ব্যাটসম্যান স্ট্রাউস ৭২ বলে ৬৩ রানের দারুণ একটি ইনিংস খেললেও টপঅর্ডরের অন্য ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেননি। মাত্র ৬২ রানে তিন উইকেট খোয়ায়। রবি বোপারা ব্যক্তিগত ১০ ও ওয়াইজ শাহ ৮ রান করে সাজঘরে ফিরে যান। ম্যাট প্রায়র তো রানের খাতাই খুলতে পারেননি। মিডলঅর্ডার ব্যাটসম্যান পল কলিংউড ধরে খেলার চেষ্টা করলেও ওয়াটসনের বলে ২৮ রান করে সাজঘরে ফিরে যান। তবে ইয়ইন মরগ্যান ৪৩ এবং শেষের দিকে টিম ব্রেসন্যান ৩৭ বলে ৩১ করলে ইংল্যান্ডের রান দাঁড়ায় ৯ উইকেটে ২২৮। ব্রেসন্যান অবশ্য শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে আঁটোসাটো বোলিং করেন মিচেল জনসন। ১০ ওভার বল করে ৩৯ রান দিয়ে উইকেট নেন দু'টি। শেন ওয়াটসন নেন ৩ উইকেট। আট ওভার বল করে ৩৬ রান দেন তিনি। অস্ট্রেলিয়ার জয়ের রূপকার ছিলেন ক্যামেরোন হোয়াইট। ১২৪ বলে ১০৫ রান করে রাইটের বলে রায়ান সাইডবটমের হাতে ধরা পড়েন। তিনি তার ইনিংসটি সাজান ৯টি চার ও একটি ছক্কা দিয়ে। এটিই তার ক্রিকেট জীবনের প্রথম শতক। হোয়ইটকে যোগ্য সহায়তা দেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। ৯২ বলে ৫২ রান করেন তিনি। তৃতীয় উইকেট জুটিতে এ দুজন ১৪৩ রান যোগ করলে জয় হাতের মুঠোয় চলে আসে অস্ট্রেলিয়ার। জয় থেকে মাত্র ৯ রান দূরে থাকতে হোয়াইট আউট হয়ে যান। কিন্তু জয় পেতে কোনও সমস্যা হয়নি সফরকারীদের। সাত ম্যাচের ন্যাটওয়েস্ট সিরিজে অস্ট্রেলিয়া ৩-০ তে এগিয়ে গেলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২২৩১ ঘ.