ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১৬ রান খুব বড় স্কোর বলা যাবে না। তারপরও শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করতে নেমেই তালগোল পাকিয়ে ফেলে নিউজিল্যান্ড। ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হয় ৯৭ রানে হেরে যায় তারা।
টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২১৬ রান করে শ্রীলংকা। জবাবে ৩৬ দশমিক ১ ওভারে ১১৯ রানে অল-আউট হয় নিউজিল্যান্ড।
ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ৬৯ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল তারা। সে অবস্থায় ত্রাতার ভূমিকায় নেমে পড়লেন থিলান সামারাবীরা। একদিনের ক্রিকেটে অভিষেক হওয়ার প্রায় এগারো বছর পর পেয়ে গেলেন ওয়ানডেতে তার প্রথম শতকের দেখা। দলের ২১৬ রানের মধ্যে ১০৪ রানই এসেছে তার ব্যাট থেকে।
২১৭ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড পড়ে আরো বড় বিপদে। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান এসেছে ইলিয়টের ব্যাট থেকে। ২৮ রানে চার উইকেট নিয়ে কিউইদের শেষ করে দিয়েছেন লাসিথ মালিঙ্গা। তবে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন থিলান সামারাবিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১২১৭ ঘ
bdnews24