ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় দলের বর্তমান তিন নির্বাচক পরবর্তি এক বছরের জন্য স্বপদে বহাল থাকছেন। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রধান নির্বাচক রফিকুল আলম, নাঈমুর রহমান দুর্জয় ও আকরাম খানকে দ্বিতীয় মেয়াদে ২০১০ সালের ৩০ জুলাই পর্যন্ত দায়িত্বে রাখার সুপারিশ করেছে নির্বাচক মূল্যায়ন কমিটি। বুধবার নির্বাহী কমিটির সভায় জাতীয় দল নির্বাচকদের ব্যাপারে এ সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
লিখিত কোনো নিয়ম নীতি ছাড়াই গত দু বছর জাতীয় দলের নির্বাচকের দায়িত্বে পালন করেছেন রফিকুল আলমরা। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, নির্বাচকদের এবার নীতিমালার মধ্যে থেকেই কাজ করতে হবে বলে। নীতিমালা সম্পর্কে নির্বাচকদের এরই মধ্যে ধারণা দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
প্রধান নির্বাচক রফিকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"আগে লিখিত নীতিমালা না থাকলেও ক্রিকেট অপারেশন্স কমিটির কাছে আমরা দায়বদ্ধ ছিলাম। নীতিমালা হওয়ায় আমাদের জন্য ভালোই হয়েছে। নিয়ম-নীতির মধ্যে থেকে কাজ করলে সব সময় জবাবদিহি করতে হবে না।"
জাতীয় দল নির্বাচকদের দু বছরের মেয়াদ শেষ হয়েছে গত ৩১ আগস্ট। ১ সেপ্টেম্বর থেকে অতিরিক্ত এক মাসের দায়িত্ব পালন করছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৫৮ ঘ.
bdnews24