ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চোট পুরোপুরি সারিয়ে দেশে ফিরবেন এ আশা নিয়েই শুক্রবার গভীর রাতে আস্ট্রেলিয়া গিয়েছেন সাকিব আল হাসান। ধারণা করা হ্িচছল, অস্ত্রোপচার লাগবেই। কিন্তু অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়ে দিয়েছেন, সাকিবের কুঁচকির ব্যথা সারাতে অস্ত্রোপচারের দরকার পড়বে না, থেরাপি দিলেই হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন সুজন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ সার্জন পিটার মালিকা কুঁচকি পর্যবেক্ষণ করে জানিয়েছেন অস্ত্রোপচার করাতে হবে না। থেরাপি দিলেই সেরে উঠবে সাকিব।"
পরে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার অ্যাডিলেডে ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ড. স্টিভ স্যান্ডার্স সাকিবের কুঁচকির সমস্যা ভালো করে দেখার পর একজন বিশেষজ্ঞ সার্জনকে দেখানোর সিদ্ধান্ত নেন। মঙ্গলবার সাকিবকে নিয়ে যাওয়া হয় পিটার মালিকার কাছে। সব দেখেশুনেই সাকিবকে থেরাপি নেয়ার পরামর্শ দেন মালিকা।
এদিকে অস্ট্রেলিয়া থেকে টেলিফোনে সাকিব জানিয়েছেন থেরাপিতে কাজ হলেও পুরোপুরি সেরে উঠতে একটু সময় লাগবেই ," চিকিৎসকরা পাঁচ থেকে ছয় সপ্তাহ থেরাপি নিতে বলেছেন। আশা করা যায়, এ সময়ের মধ্যেই উন্নতিটা বোঝা যাবে।"
পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য দেশে ফেরার আগে অ্যাডিলেডে স্টিভ স্যান্ডার্স-এর তত্তাবধানে থেরাপি নেবেন জাতীয় দলের সহকারী অধিনায়ক। সাকিব জানিয়েছেন, 'স্যান্ডার্স স্পোর্টস অ্যান্ড স্পাইনাল ক্লিনিকে' প্রায় দু সপ্তাহ থেরাপি নেয়ার সুযোগ পাবেন, বাকি চার সপ্তাহ থেরাপি নিতে হবে বাংলাদেশে।
সব মিলিয়ে যা অবস্থা তাতে দেশে ফিরে পুরোপুরি চিকিৎসকের নির্দেশনা মেনে চলতে হবে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এ মুহুর্তের বিশ্বসেরা অল-রাউন্ডারকে। আপাতত সাকিবের আশা,"যথাযথ চিকিৎসা হলে অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজেই খেলতে পারবো।"
২০০৮ সলের জুলাই মাসে 'এ' দলের হয়ে ইংল্যান্ড সফরের সময় কুঁচকিতে চোট পান সাকিব আল হাসান। ব্যথা নিয়ে পরের মাসে অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজেও অংশ নেন। এরপর ঘরোয়া ক্রিকেট থেকে বিরত থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিতই খেলেছেন বাঁহাতি এই স্পিনার।
অবিরাম আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাওয়ায় ব্যথাটা ক্রমশ বাড়তে থাকে। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে সফরে ব্যথার তীব্রতা খুব বেশি বেড়ে যায়। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ব্রিটেনে চিকিৎসাও নিয়েছিলেন। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি বলেই জানিয়েছেন সাকিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৩৫ ঘ.
bdnews24