২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড পারিশ্রমিকের বছরে বোলারদের দীর্ঘশ্বাস

রেকর্ড পারিশ্রমিকের বছরেও জাতীয় দলের অনেক ক্রিকেটারের বুক থেকে বেরিয়ে আসছে দীর্ঘশ্বাস। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দল না পাওয়ার বিষাদে ছেয়ে গেছে বেশির ভাগ বোলারের মন। পুল প্রথার 'অভিশপ্ত' থাবায় ক্ষত-বিক্ষত এখন তাদের স্প্তু অনুভূতিগুলো। বিস্তারিত জানাচ্ছেন সেকান্দার আলী:

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 05:45 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রেকর্ড পারিশ্রমিকের বছরেও জাতীয় দলের অনেক ক্রিকেটারের বুক থেকে বেরিয়ে আসছে দীর্ঘশ্বাস। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দল না পাওয়ার বিষাদে ছেয়ে গেছে বেশির ভাগ বোলারের মন। পুল প্রথার 'অভিশপ্ত' থাবায় ক্ষত-বিক্ষত এখন তাদের স্প্তু অনুভূতিগুলো। বিস্তারিত জানাচ্ছেন সেকান্দার আলী: সাকিব, মাশরাফি, তামিম, আশরাফুলদের জন্য ক্লাবগুলো যেখানে রীতিমত টাকার থলে নিয়ে বসেছে, সেখানে লিগে খেলার প্রস্তাবই পাননি পেসার রুবেল হোসেন, সৈয়দ রাসেল, সাহাদাত হোসেন রাজিব, মাহাবুবুল আলম রবীন আর স্পিনার এনামুল হক জুনিয়র। ডলার মাহমুদের কষ্টটা আরও বেশি। মোহামেডান না নেওয়ার পর কেউ কথাই বলছে না জিম্বাবুয়ে সফরের শেষ ম্যাচে বাজিমাত করে আসা এই মিডিয়াম ফাস্ট বোলারের সঙ্গে। অথচ ওই ম্যাচটিই কাল হয়ে দাঁড়ালো তার জন্য। সারা বছর জাতীয় দলের বাইরে থেকেও শেষ বেলায় এক ম্যাচ খেলে আটকে গেছেন 'অভিশপ্ত' পুল প্রথার চোড়াবালিতে। ইনজুরি থেকে সেরে উঠলেও এখনও কোন দলের সঙ্গে পাকা কথা হয়নি আরেক পেসার নাজমুলের। তারপরও ভাগ্যবান বলতে হবে তাকে। গাজী ট্যাংকের সঙ্গে দেন-দরবার চলছে তার। আসলে আগের মৌসুমে বিমানে খেলা ক্রিকেটার আব্দুর রাজ্জাককে পেতে চাচ্ছে গাজী ট্যাংক। বোলারদের মধ্যে কেবল মাশরাফিই বাজিমাত করেছেন। রাজ্জাক আর নাঈম ইসলাম গাজী ট্যাংক থেকে যে খুব বেশি পারিশ্রমিক পাচ্ছেন তাও নয়। দু'দিন আগে আবাহনী থেকে মোহামেডানে যোগ দিয়ে দলবদলের মাঠ গরম করে তোলা তামিম ইকবাল দীর্ঘশ্বাস ফেলেছেন জাতীয় দলের স্বতীর্থ বোলারদের জন্য। বিশেষ করে, ডলার মাহমুদের জন্য তার আক্ষেপ একটু বেশিই। কারণ তিনি মোহামেডানে যোগ দেওয়ায় ভাগ্য পুড়েছে ডলারের। পারিশ্রমিকের চেয়ে এখন ঢাকা লিগে খেলার সুযোগ পাওয়াকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাঁ-হাতি স্পিনার এনামুল হক জুনিয়ার। বললেন, "আমাদের সঙ্গে তো কেউ কথাই বলছে না। টাকা কত পাব সেটা কোন বিষয় নয়, তার চেয়েও বড় কথা আমরা খেলতে চাই। প্রয়োজনে পুলের কোটা বাড়ানো হোক।" পাঁজরের পেশির টান সেরে যাওয়ায় মিরপুরে বোলিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন রুবেল হোসেন। জাতীয় দলে খেলার সুবাদে এবার পুলের শিকার হয়েছেন দেশের সবচেয়ে গতিময় এই পেসার। দল না পাওয়ার আক্ষেপ কুঁড়ে কুঁড়ে খাচ্ছে তাকে। "ভেবেছিলাম বড় দলে খেলার সুযোগ পাবো। এখন দেখি কেউ ডাকেও না," বলেন রুবেল। গত দুই মৌসুম কলাবাগানে খেলেছেন সৈয়দ রাসেল। এবার কোথায় খেলবেন জানেন না। দল নির্বাচনে নিজের ইচ্ছের কোন মূল্য নেই। বললেন, "লিপু ভাই বলেছিলেন এবার পুল থাকবে না। কিন্তু কোন কিছুই তো হলো না।" বলা হয়ে থাকে বোলারদের হাত ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে বেশিরভাগ সাফল্য পেয়েছে বাংলাদেশ। সেই বোলারদের দুর্দশা লাঘবে কর্মকর্তারাও পুল প্রথার বিরুদ্ধ কথা বলেন না। বরং মৌসুম আসতেই পুলের ক্রিকেটারদের তালিকা ধরিয়ে দেওয়া হয় লিগ কমিটির হাতে। কারণ বিসিবির বেশির ভাগ কর্মকর্তাই ক্লাব প্রতিনিধি। ক্রিকেটারদের চেয়ে ক্লাবের স্বার্থ তাদের কাছে বেশি, কম নয় মোটেও। বিসিবির কর্মকর্তার পরিচয় আড়াল করে জাতীয় দলের সাবেক অধিনায়ক পরিচয়ে পুল প্রথা নিয়ে কথা বলতে রাজি হন গাজী আশরাফ হোসেন লিপু। বলেন, "একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমার মনে হয় তাদের খেলার স্বাধীনতা থাকা উচিত। পুল প্রথা ক্রিকেটারদের স্বাধীনতা হরণ করেছে। যে প্রেক্ষাপটে ঢাকা লিগে পুল প্রথা চালু করা হয়েছিল, এখন সে দিন নেই। এখন অনেক ক্রিকেটার আছে। আমার মনে হয় এবার থেকেই পুল প্রথা শিথিল করা উচিত।" আইসিএল ফেরত ক্রিকেটাররা ঢাকা লিগে খেলায় পুলের ক্রিকেটাররা চাপে পড়েছে বলে মনে করেন জাতীয় দলের প্রধান নির্বাচক রফিকুল আলম। বললেন, "ঢাকা লিগের জন্য যথেষ্ট ক্রিকেটার আছে দেশে। আইসিএল ফেরতরা যোগ দিয়েছেন। তাই পুলের বোলারদের ডাকছেন না মাঝারি মানের দলগুলো।" আবাহনী, মোহামেডান, গাজী ট্যাংক ঘর গুছিয়ে আনার পর অন্য ক্লাবগুলো হয়তো জাতীয় দলের ক্রিকেটারদের দলে নেবে। হয়তো ভাগ্য ফিরবে, এ আশা নিয়ে অপেক্ষা করছেন বোলাররা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/০০০৬ ঘ.