২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের পাল্লা হেলে গেছে অস্ট্রেলিয়ার দিকে

জয়-পরাজয়ের পাল্লা শুরুতে ইংল্যান্ডের দিকে হেলে থাকলেও ২৬ ওভার শেষে তা হেলে গেছে অস্ট্রেলিয়ার দিকে। ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড ৪ উইকেটে রান তুলেছে ১৩০।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 04:32 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়-পরাজয়ের পাল্লা শুরুতে ইংল্যান্ডের দিকে হেলে থাকলেও ২৬ ওভার শেষে তা হেলে গেছে অস্ট্রেলিয়ার দিকে। ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড ৪ উইকেটে রান তুলেছে ১৩০। এখন ব্যাট করছেন পল কলিংউড ২৩ রান নিয়ে। তাকে সঙ্গ দিচ্ছেন মরগান। ১৫ রানে অপরাজিত রয়েছেন তিনি। লর্ডসে ন্যাটওয়েস্ট সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে রোববার টস জিতে ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস অস্ট্রেলিয়াকে ব্যাটিং-এ পাঠান। অস্ট্রেলিয়ার মতো ইংল্যান্ডেরও শুরুটা বেশ ভালোই হয়েছিল। মাত্র ১৪ ওভার ৫ বলে ৭৪ রান তুলে বিচ্ছিন্ন হয় উদ্বোধনী জুটি। ৪৪ বলে ২৭ রান করে শেন ওয়াটসনের বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়েন রবি বোপারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। দলীয় রানের সঙ্গে মাত্র দুই রান যোগ হওয়ার পর আবারও আঘাত হানেন ওয়াটসন। ম্যাট প্রায়রকে (১) ফেরত পাঠান তিনি। দলীয় ৮৫ রানের মাথায় নাথান হরিৎজের বলে কট অ্যান্ড বোল্ড হন স্ট্রাউস। ৫৩ বলে ৪৭ রান করেন তিনি। চার মেরেছেন ছয়টি। দলীয় ৯৭ রানের মাথায় দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন ওয়াইস শাহ। এর আগে ক্যালাম ফার্গুসনের অর্ধ শতক ও মিচেল জনসনের ঝড়ো ইনিংসে লড়াইয়ের মতো পুঁজি পায় অস্ট্রেলিয়া। আট উইকেটে রান তোলে ২৪৯। মাঝে ও শেষের দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শুরুটা বেশ ভালোই করেছিলেন অস্ট্রেলিয়ার দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ও টিম পেইন। কিন্তু মাত্র ১১ রানের ব্যবধানে টিম ব্রেসন্যান ও লিউক রাইট তিন উইকেট নিয়ে ম্যাচে ফেরান ইংল্যান্ডকে। ১৪ ওভার ৫ বলে উদ্বোধনী জুটিতে ৬৪ রান তুলে বিদায় নেন শেন ওয়াটসন। ৪৯ বলে ৩৪ রান করে ব্রেসন্যানের বলে রাইটের হাতে ধরা পড়েন তিনি। চার মেরেছেন চারটি। দলের রানের সঙ্গে মাত্র দুই রান যোগ হওয়ার পরই সাজঘরে ফিরে যান অন্য উদ্বোধনী ব্যাটসম্যান টিম পেইন। রাইটের বলে মর্গানের হাতে ধরা পড়েন তিনি। তখন তার ব্যক্তিগত রান ছিল ২৬। ৪৪ বল খেলে চার মেরেছেন দু'টি। দলীয় ৭৩ রানের মাথায় ভারপ্রাপ্ত অধিনায়ক মাইকেল ক্লার্ক রাইটের বলে উইকেটের পেছনে ম্যাট প্রায়রের হাতে ধরা পড়েন। ১১ বল খেলে তিনি রান করেছেন ৪। এরপর ক্যামেরোন হোয়াইট ও ক্যালাম ফার্গুসন ৬৯ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন অনেকখানি। দলীয় ১৪২ রানের মাথায় রবি বোপারার বলে উইকেটের পেছনে ধরা পড়েন হোয়াইট। ৬৬ বলে তিনি রান করেছেন ৪২। তবে অত্যন্ত আক্রমণাত্মক ব্যাটিং করেন ফার্গুসন। ৫৮ বলে ৫৫ রান করে জেমস অ্যান্ডারসনের বলে সরাসরি বোল্ড হন তিনি। তখন দলের রান ছিল ২০১। এর আগে আউট হন মাইক হাসি (৮) ও জেমস হোপস (১১)। এক পর্যায়ে মনে হচ্ছিল আড়াই শ' রানের লক্ষ্য ছুঁড়ে দেওয়া অস্ট্রেলিয়ার পক্ষে সম্ভব নয়। কিন্তু তা ভুল প্রমাণ করেন মিচেল জনসন। মাত্র ২৩ বলে ৪৩ রান করেন তিনি। দড়ির ওপারে বল পাঠান পাঁচবার। অ্যান্ড্রু স্ট্রাউস ঘুরিয়ে-ফিরিয়ে সাতজন বোলার ব্যবহার করেন। তাদের মধ্যে পল কলিংউড ছাড়া উইকেট পেয়েছেন সবাই। রাইট ও গ্রায়েম সোয়ান দু'টি করে উইকেট নিয়েছেন। আর একটি করে উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন, রায়ান সাইডবটম, ব্রেসন্যান ও রবি বোপারা। সাত ম্যাচের একদিনের সিরিজে অস্ট্রেলিয়া ১-০ তে এগিয়ে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০৩০ ঘ.