ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুরুটা বেশ ভালোই করেছিলেন অস্ট্রেলিয়ার দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ও টিম পেইন। কিন্তু মাত্র ১১ রানের ব্যবধানে টিম ব্রেসন্যান ও লিউক রাইট তিন উইকেট নিয়ে ম্যাচে ফেরান ইংল্যান্ডকে। ২৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান দাঁড়িয়েছে তিন উইকেটে ১০৩।
এখন ব্যাট করছেন ক্যামেরোন হোয়াইট ২৭ রান নিয়ে। তাকে সঙ্গ দিচ্ছেন ক্যালাম ফার্গুসন। ৬ রানে অপরাজিত রয়েছেন তিনি।
লর্ডসে ন্যাটওয়েস্ট সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে রোববার টস জিতে ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস অস্ট্রেলিয়াকে ব্যাটিং-এ পাঠান। ১৪ ওভার ৫ বলে উদ্বোধনী জুটিতে ৬৪ রান তুলে বিদায় নেন শেন ওয়াটসন। ৪৯ বলে ৩৪ রান করে ব্রেসন্যানের বলে রাইটের হাতে ধরা পড়েন তিনি। চার মেরেছেন চারটি।
আর মাত্র দুই রান যোগ হওয়ার পরই সাজঘরে ফিরে যান অন্য উদ্বোধনী ব্যাটসম্যান টিম পেইন। রাইটের বলে মর্গানের হাতে ধরা পড়েন তিনি। তখন তার ব্যক্তিগত রান ছিল ২৬। ৪৪ বল খেলে চার মেরেছেন দু'টি।
দলীয় ৭৩ রানের মাথায় ভারপ্রাপ্ত অধিনায়ক মাইকেল ক্লার্ক রাইটের বলে উইকেটের পেছনে ম্যাট প্রায়রের হাতে ধরা পড়েন। ১১ বল খেলে তিনি রান করেছেন ৪।
সাত ম্যাচের একদিনের সিরিজে অস্ট্রেলিয়া ১-০ তে এগিয়ে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৩০ ঘ.
bdnews24