ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তামিম ইকবালকে আবাহনীতে অবাঞ্ছিত ঘোষণার সিদ্ধান্ত নিতে পারেন ক্লাবের ক্রিকেট কর্মকর্তারা। ঢাকা ক্রিকেট লিগের আসন্ন মৌসুমে আবাহনীতে খেলার মৌখিক আশ্বাস দেওয়ার পর মোহামেডানের যোগ দেন তামিম। আর এতে ক্ষুব্ধ হয়ে কর্মকর্তারা এ কথা বলেন।
আবাহনীর ক্রিকেট কমিটির সম্পাদক জি এস হাসান চৌধুরী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তামিম আমাদের বিশ্বাসের জায়গায় আঘাত করেছেন। মালয়েশিয়ায় বেড়াতে যাওয়ার আগে তিনি ১৫ লাখ টাকায় এ মৌসুমে আবাহনীর হয়ে ঢাকা লিগে খেলার প্রতিশ্র"তি দেন। তার কথার ওপর বিশ্বাস করেই চুক্তি করিনি। অথচ দেশে ফিরে তিন লাখ টাকা বেশি পেয়ে মোহামেডানে যোগ দিয়েছেন। বড় ক্ষতি করেছেন তিনি। এ ঘটনার পর আমরা তাকে আবাহনীতে অবাঞ্ছিত ঘোষণার সিদ্ধান্ত নিতে যাচ্ছি।"
আবাহনীর সঙ্গে মৌখিক চুক্তির পরপরই মোহামেডান থেকে ১৬ লাখ টাকার প্রস্তাব পান তামিম। এতেও রাজি না হওয়ায় শেষে তাকে ১৮ লাখ টাকা দিতে রাজি হয় মোহামেডান। একথা আবাহনী ক্রিকেট কর্মকর্তাদের শুক্রবার অবহিত করেন জাতীয় দলের এই উদ্বোধনী ব্যাটসম্যান।
একথা শোনার পরই কর্মকর্তাদের একজন খারাপ মন্তব্য করেছেন বলে জানান তামিম। বলেন, "আমি তাদের শ্রদ্ধা করি। তাদের কাছে তো বেশি টাকা দাবি করিনি। মোহামেডান থেকে যে বেশি টাকায় প্রস্তাব এসেছে এটুকুই জানিয়েছিলাম। অথচ এক কর্মকর্তা আমাকে নিয়ে বাজে মন্তব্য করেন। এরপরই আমি মোহামেডানে খেলার সিদ্ধান্ত নেই।"
তামিমের এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আবাহনীর কর্মকর্তারা। উল্টো তারা তামিমের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন। আবাহনীর ক্রিকেট সম্পাদক বলেন, "তামিম জাতীয় দলের একজন দায়িত্বশীল ক্রিকেটার। তার মুখের কথাই চুক্তি। তিনি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। টাকা পেলে জাতির সঙ্গেও যে কোন সময় বিশ্বাসঘাতকতা করতে পারেন তিনি। এ বিষয়ে সবার সতর্ক থাকা দরকার।"
আবাহনীর ক্রিকেট কর্মকর্তাদের এমন মন্তব্যের পরও কূটনৈতিক কায়দায় জবাব দিয়েছেন জাতীয় দলের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান। বলেন, "আবাহনীর কর্মকর্তারা আমাকে অবাঞ্ছিত করলে কিছুই করার থাকবে না। তবে এটুকু প্রতিশ্র"তি দিতে পারি, তারা ভালো আচরণ করলে ভবিষ্যতে আবার আবাহনীতে খেলতে রাজি আছি আমি। তেমন কিছু না হলে প্রিমিয়ার লিগের বাকি ১১ ক্লাব তো আমাকে অবাঞ্ছিত করেনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০৫৬ ঘ.
bdnews24