২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলো, নইলে বাদ: মূল ক্রিকেটারদের প্রধান নির্বাচক

চুক্তি নিয়ে বিরোধের কারণে ওয়েস্ট ইন্ডিজের মূল দলের ক্রিকেটাররা বাংলাদেশের বিপক্ষে খেলেননি। কিন্তু এবার প্রধান নির্বাচক ক্লায়েড বাট তাদের সাবধান করে দিয়েছেন। বলেছেন, একদিনের ঘরোয়া প্রতিযোগিতায় না খেললে অস্ট্রেলিয়া সফরে তাদের দলে নেওয়া হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2009, 12:36 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুক্তি নিয়ে বিরোধের কারণে ওয়েস্ট ইন্ডিজের মূল দলের ক্রিকেটাররা বাংলাদেশের বিপক্ষে খেলেননি। কিন্তু এবার প্রধান নির্বাচক ক্লায়েড বাট তাদের সাবধান করে দিয়েছেন। বলেছেন, একদিনের ঘরোয়া প্রতিযোগিতায় না খেললে অস্ট্রেলিয়া সফরে তাদের দলে নেওয়া হবে না। যদিও নিশ্চিত নন, তারপরও বাট আশাবাদী যে অস্ট্রেলিয়া সফরে জন্য দল ঘোষণার আগেই বিরোধ মিটে যাবে। তবে একথাও ঠিক যে আরেকটি দুর্বল দল পাঠানোর সম্ভবনা থেকেই যাচ্ছে। যেমনটা নামানো হয়েছিল বাংলাদেশের বিপক্ষে। দলটি টেস্ট ও একদিনের সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল। "যত তাড়াতাড়ি সম্ভব বিরোধের নিষ্পত্তি ঘটবে বলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আশাবাদী," বললেন বাট, "বোর্ড ক্রিকেটারদের ঘরোয়া প্রতিযোগিতায় খেলতে বলেছে। যদি তারা প্রতিযোগিতায় অংশ নেয় তাহলে অস্ট্রেলিয়ায় আমরা শক্তিশালী দলই পাঠাতে পারবো।" একদিনের ঘরোয়া প্রতিযোগিতা শুরু হবে ১০ অক্টোবর। বাট বলেন, "কিন্তু ক্রিকেটাররা যদি না খেলেন তাহলে সবকিছুই নির্ভর করবে বোর্ডের ওপর, বিশেষ করে বিষয়টিকে বোর্ড কিভাবে দেখছে। তবে আমি আশাবাদী যে সবাই না হলেও বেশির ভাগ ক্রিকেটার বোর্ডের নির্দেশ মেনে ঘরোয়া ক্রিকেট খেলবেন।" চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ডারেন পাওয়েলের নাম প্রত্যাহার করে নেওয়া প্রসঙ্গে বাট বলেন, "আমি যতটা জানি চোট পাওয়ায় তিনি খেলতে পারছেন না। জ্যামাইকাতে খেলার সময় তিনি আহত হন। ডারেন পাওয়েলই ১৫ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। তার জায়গায় নেওয়া হয়েছে ফাস্ট বোলার কেভিন ম্যাকলিনকে। এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি তিনি। (তথ্য ক্রিকইনফো থেকে নেওয়া) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৫০ ঘ.