মেলবোর্ন, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--জাতীয় কোচ টিম নিলসনকে কিছুদিনের জন্য ছুটি দেওয়া হচ্ছে বলে বুধবার জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গতমাসে অসিদের ২-১ ব্যবধানে অ্যাশেজ সিরিজ হেরে যাওয়ার প্রেক্ষাপটে এ ঘোষণা এলো।
স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের ওয়ানডে সিরিজের চার ম্যাচ পরেই ছুটি নিয়ে নিলসেন দেশে ফিরবেন বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার জেনারেল ম্যানেজার মাইকেল ব্রাউন এক বিবৃতিতে বলেন,"২০০৮ সালের সেপ্টেম্বর থেকেই টানা খেলে আসছে অস্ট্রেলিয়া দল। সামনের বারো মাসেও দলের জন্য রয়েছে ব্যস্ত সূচি। তাই আমরা মনে করছি টিম নিলসেনের এটাই আসলে সঠিক সময় ছুটি নেওয়ার।"
"আর এই ছুটি দারুণ এক সুযোগ তৈরি করবে নিলসেনের সহকারী ট্রয় কুলির জন্য। সফরের বাকি খেলাগুলোতে কুলি ভারপ্রাপ্ত কোচ হিসাবে তার যোগ্যতার বিকাশ ঘটাতে পারবেন।"
ফলে ইংল্যান্ডের বিপক্ষে শেষ তিনটি ম্যাচে অস্ট্রেলিয়ার কোচ হচ্ছেন কুলি। তবে ২২ সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হলে কোচ হিসাবে দলে যোগ দেবেন নিলসেনই।
২০০৭ সালে সফল কোচ জন বুকাননের কাছ থেকে দলের দায়িত্ব বুঝে নেন নিলসেন। কিন্তু গত পাঁচটি টেস্ট সিরিজের তিনটিতেই হেরেছে তার দল । আর অ্যাশেজ সিরিজ হারার পর নিলসনের কোচিং আরও বেশি করে খতিয়ে দেখা শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসকে/২৩৫৫ঘ.
bdnews24