২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের প্রাথমিক মূল্যায়নে সাকিব

সুখবর সাকিব আল হাসানের, সুখবর বাংলাদেশের ক্রিকেটের। আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের প্রাথমিক মূল্যায়নে জায়গা করে নিয়েছেন সাকিব। ক্রিকেটের সব শাখাই যেন সাফল্যের ডালা সাজিয়ে বসে আছে ওয়ানডে শীর্ষ অল-রাউন্ডারের জন্য। ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক সাফল্য ধরা দিচ্ছে তার হাতের মুঠোয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 04:38 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুখবর সাকিব আল হাসানের, সুখবর বাংলাদেশের ক্রিকেটের। আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের প্রাথমিক মূল্যায়নে জায়গা করে নিয়েছেন সাকিব। ক্রিকেটের সব শাখাই যেন সাফল্যের ডালা সাজিয়ে বসে আছে ওয়ানডে শীর্ষ অল-রাউন্ডারের জন্য। ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক সাফল্য ধরা দিচ্ছে তার হাতের মুঠোয়। সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে ঢাকা লিগের জন্য আবাহনীতে যোগ দেওয়ার একদিন পর বুধবার আনন্দের বার্তা পেলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি) থেকে। আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের প্রাথমিক ১৪ সদস্যের তালিকায় আছেন বাংলাদেশের বাহাতি এই অল-রাউন্ডার। বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হওয়ার দৌঁড়েও ১৯ জনের মধ্যে আছেন সাকিব। হেভিওয়েট সব প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে শেষ পর্যন্ত বর্ষসেরার মুকুট তার মাথায় শোভা পাবে কি না- বলা মুশকিল। তবে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে যে জায়গায় তিনি পৌঁছে গেছেন, তা সত্যিই প্রসংশনীয়। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সই অনন্য এই উচ্চতায় নিয়ে গেছে সাকিবকে। সেরাদের সেরা হওয়া যার লক্ষ্য, নিশ্চয়ই বর্ষসেরার প্রাথমিক মূল্যায়নে সন্তুষ্ট হওয়ার কথা নয় তার। আইসিসির প্রাথমিক মূল্যায়নের খবর শোনার পর কোনো উচ্ছ্বাস দেখালেন না বাংলাদেশের সহকারী অধিনায়ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,"অনেকের মধ্যে আমি একজন। এটা বড় কোন অর্জন মনে হয় না আমার কাছে। তারপরও প্রথমিক তালিকায় আছি, ভবিষ্যতের জন্য এটা প্রেরণা হিসেবে কাজ করবে।" এক বছর আগেই (২০০৮ সাল) উঠতি প্রতিভার সংক্ষিপ্ত তালিকায় ছিলেন সাকিব আল হাসান। সাকিবর সঙ্গে মূলধারার ক্রিকেটে আব্দুর রাজ্জাকের জায়গা না হলেও টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটের প্রাথমিক তালিকায় মনোনীত হয়েছেন ঠিকই। ২০০৮ সালের ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৬ রান খরচায় ৪ উইকেট শিকার করে আইসিসির মূল্যায়ন কমিটির নজর কাড়েন বাংলাদেশের বাহাতি স্পিনার। আগামী ১ অক্টোবর জোহানেসবার্গে জমকালো অনুষ্ঠানে ষষ্ঠ বারের মত ব্যক্তিগত আটটি বিভাগে পুরস্কার দেবে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। মুম্বাইয়ে বুধবার এক অনুষ্ঠানে আইসিসি অ্যাওয়ার্ডের জন্য প্রাথমিক তালিকা প্রকাশ করেন ভারতের সাবেক অল-রাউন্ডার রবি শাস্ত্রী ও ভিরেন্দর শেবাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এইচএ/ ২২২০ ঘ