ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপাতত আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ততা নেই। তারপরও আঘাত বয়ে বেড়াতে হচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের। পেসার রুবেল হোসেন পাঁজরের পেশির টান এখনো অনুভব করছেন। স্পিনার আব্দুর রাজ্জাকের পায়ের পেশির টান সারেনি। দুই হাঁটুর অপারেশনের পর মাঠে নামার অবস্থায় ফিরতে অনেকটা সময় লাগবে মাশরাফি বিন মুর্তজার। আরেক পেসার নাজমুল হোসেনও পায়ের পেশির চোট পেয়েছেন। আর ওয়ানডে শীর্ষ অল-রাউন্ডার সাকিব আল হাসান তো কুচকির ইনজুরি নিয়ে চিকিৎসা জন্য বৃহস্পতিবার অস্ট্রেলিয়া যাওয়ার কথা।
জাতীয় দলের এই ছয় ক্রিকেটারের ইনজুরি কারণেই ঢাকা লিগের দলবদলে আগে ক্রিকেটারদের শারীরিক অবস্থা জানাতে ক্রিকেট অপারেশন্স কমিটিকে অনুরোধ করেছে ঢাকা লিগ কমিটি।
ঢাকা লিগ কমিটির সদস্য সচিব ইকবাল ইউসুফ জানিয়েছেন, ৫ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় দলের সব ক্রিকেটারদের শারীরিক অবস্থা লিখিত জানাতে হবে ক্রিকেট অপারেশন্স কমিটিকে। জাতীয় দলের ক্রিকেটারদের শারীরিক অবস্থা নিয়ে রিপোর্ট তৈরির দায়িত্ব দেয়া হয়েছে ফিজিও মাইকেল হেনরিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার ফিজিও হেনরী জানিয়েছেন, জাতীয় দলের বেশির ভাগ ক্রিকেটারের শারীরিক অবস্থার প্রতিবেদন তৈরি হয়ে আছে। সাকিব আল হাসানের প্রতিবেদনও দিয়েছেন সোমবার। তবে প্রাথমিক এই প্রতিবেদনই চূড়ান্ত নয়। অস্ট্রেলিয়ায় ডাক্তার দেখানোর পরই জানা যাবে সাকিবের ইনজুরির প্রকৃত অবস্থা।
ফিজিও হেনরি ধারণা করছেন সাকিবের দু'পায়ের কুচকিতেই অপারেশন করাতে হতে পারে। অপারেশন হলে কম পক্ষে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে বিশ্ব শীর্ষ অল-রাউন্ডারকে।
তিন সপ্তাহ বিশ্রাম দরকার হলেও ঢাকা লিগের আগেই খেলার অবস্থায় ফিরতে পারবেন জাতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক। ঢাকা লিগের দলবদল দেয়া হয়েছে ২৯ সেপ্টেম্বর থেকে। চলবে তিন দিন। টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে শুরু হবে মৌসুম।
ভিসা পাওয়ার সাপেক্ষে বৃহস্পতিবার চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশে রওয়ানা হতে পারেন বাহাতি অল-রাউন্ডার। পরের দিন শুক্রবারই অ্যাডিলেইডে বিশেষজ্ঞ চিকিৎসক স্টিভ সান্ডাসকে দেখাতে পারবেন তিনি। তবে শুক্রবারের আগে অস্ট্রেলিয়া পৌঁছাতে না পারলে চিকিৎসকের জন্য পরের সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে সাকিবকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/জিএনএ/২০৫১ঘ.
bdnews24