চেন্নাই, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অ্যাশেজ সিরিজে খারাপ ব্যাটিং করা অস্ট্রেলীয় উদ্বোধনী ব্যাটসম্যান ফিলিপ হিউজ কিছু টিপসের জন্য ভারতীয় লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থা করেছেন। তিনি আশা করছেন, অ্যাশেজ সিরিজের ব্যাটিং ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে শচীন তাকে ভারতের অভিজ্ঞতা থেকে সাহায্য করতে পারবেন।
২০ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের পর অর্থাৎ লর্ডস টেস্টের পরেই দলে তার স্থান হারান অলরাউন্ডার শেন ওয়াটসনের কাছে। অস্ট্রেলিয়া সিরিজ হারে ২-১ ব্যবধানে।
রোববার হিউজ টাইমস অব ইন্ডিয়াকে বলেন,"আমার বহু প্রশ্ন আছে তাকে করার। আমি সেসব লোকের চারপাশে থাকতে ভালোবাসি যারা ক্রিকেটে বহুদিন থেকেই আছে।"
২০০৯ সালে জোহানেসবার্গে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক টেস্টে ডাক মেরে ক্যারিয়ার শুরু করা হিউজ তার দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি উপহার দেন। হিউজ বর্তমানে ভারতের পশ্চিমাঞ্চলের শহর নাগপুরে অবস্থান করছেন। যেখানে তার কোচ নিল ডি' কস্টাও আছেন। নিল নাগপুরের আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রধান কোচ।
ভারতের হয়ে বিশ্ব ক্রিকেটে রেকর্ডের পর রেকর্ড করে চলা শচীন টেন্ডুলকার হিউজকে সময় দিয়েছেন। পত্রিকাটি জানায়, সোমবার মুম্বাইতে তাদের সাক্ষাৎ হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/২০২৬ ঘ.
bdnews24