ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আর্কাইভ কোথায়, জানতে চাইলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারাই হয়তো বিভ্রান্ত হবেন। আবার যারা পুরনো ক্রিকেট কর্মকর্তা, তারা চোখ বন্ধ করেই বলে দেবেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দোতলায় লিগ কমিটির অফিসেই সমৃদ্ধ একটি আর্কাইভ আছে তাদের। কিন্তু সেখানে ঢোকার পর চোখে অন্ধকার দেখতে পারেন তথ্য অনুসন্ধানকারী মানুষটি। কারণ সেখানে স্কোর কার্ড আর কিছু টালি খাতা ছাড়া বাড়তি কিছু প্রত্যাশাই হবে দুরাশা মাত্র। বিস্তারিত জানাচ্ছেন সেকান্দার আলী।
পুরনো আমলের এই ঘুপচি থেকে আধুনিক প্রযুক্তি নির্ভর হতে যাচ্ছে বিসিবি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের ক্রিকেট অনুরাগীদের জন্য সমৃদ্ধ একটি আর্কাইভ উপহার দেওয়ার চেষ্টা করছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
"একজন ক্রিকেটার কবে কোন ক্লাবে খেলেছেন তার ব্যক্তিগত প্রোফাইল বিসিবির কাছে যৎ-সামান্যই আছে। কিন্তু আমরা এখন প্রযুক্তির মাধ্যমে এই কাজটি সহজ করে আনতে পারি। ঘরোয়া ক্রিকেটের সব তথ্য ইলেকট্রনিক সার্ভারে রাখতে পারবো। অনেক আগেই এটা তৈরি করা দরকার ছিলো," বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন বিসিবির সহ-সভাপতি আহমেদ সাজ্জাদুল আলম ববি।
অনেক বছরই হলো আন্তর্জাতিক ক্রিকেট খেলছে বাংলাদেশ। কিন্তু তাদের তথ্য ভাণ্ডার শূন্য বলা চলে। ঘরোয়া ক্রিকেটের দুরবস্থার কথা না বলাই ভাল। বরং দেরিতে হলেও বিসিবি যে উদ্যোগ নিয়েছে তার সার সংক্ষেপ তুলে ধরাই উত্তম।
ঘরোয়া লিগ এবং টুর্নামেন্টের সব তথ্য তোলা থাকবে বিসিবির সার্ভারে। সেখানে সাবেক ক্রিকেটারদের জীবন বৃত্তান্তও পাওয়া যাবে বলে জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান গাজী আশরাফ হোসেন লিপু।
প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, "অনেক তথ্য আছে যা হরিয়ে গেছে। গত ৩৫ বছরে কবে কি টুর্নামেন্ট হয়েছে আমারা অনেকেই ভুলে গেছি। সবচেয়ে বড় কথা, তথ্য প্রযুক্তির এই যুগে আমরা কাগজে লিখে ঘরোয়া ক্রিকেটের সব কর্মকাণ্ড পরিচালনা করছি, যা এখন অচল বলেই গণ্য করা হয়।"
শুধু খেলা আর খেলোয়াড়দের তথ্যই নয়, প্রযুক্তি ব্যবহার করে আম্পায়াড়দের কার্যক্রম, কর্মকর্তা-কর্মচারি এবং ম্যাচ পরিচালকদের সম্মানি, ক্রিকেটারদের ভাতাসহ যাবতীয় কার্যক্রম অল্প সময়ের মধ্যে সারতে পারবে বিসিবি।
দু'বছর আগে লিগ কমিটির সভাপতির দায়িত্ব পালনের সময় সার্ভার ভিত্তিক আর্কাইভ এবং লিগের কার্যক্রম পরিচালনার তাগিদ অনুভব করেন লিপু। আর তখনই মার্স সফটওয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডকে দায়িত্ব দেয় বিসিবি। দুই বছর চেষ্টা করে দেশের এই সফটওয়ার কোম্পানি বিসিবির চাহিদা মত একটি সফটওয়ার তৈরি করেছে। এরই মধ্যে বিসিবির বিভিন্ন বিভাগে তারা তাদের কার্যক্রমও উপস্থাপন করেছে। এখন বিসিবির সঙ্গে চুক্তি করার পালা।
গাজী আশরাফ লিপু বলেন, "সবাই এই প্রযুক্তির পক্ষে মত দিলেও তার সুফল পেতে সময় লাগবে। টেন্ডার ডেকে সার্ভার বসাতে হবে। সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে। এরপরই আনুষ্ঠানিক কার্যকম চালু করা সম্ভব হবে।"
সব কিছু গুছিয়েই বিসিবিকে সহায়তা দিতে এগিয়ে এসেছে মার্স। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সাঈদুর রহমান বলেন, "প্রাথমকি অবস্থায় ক্রিকেট ম্যাচ, প্রোফাইল এবং স্কোর কার্ড দেখার সুবিধা পাওয়া যাবে। এরপর ম্যাচের সামগ্রিক বর্ণনাও থাকবে।"
তবে ইন্টারনেট সুবিধা থাকলেই যে তথ্যগুলো সাধারণ মানুষের নাগালে চলে আসবে তেমনটি নয়। ক্রিকেট সংক্রান্ত সার্বিক তথ্য এই সার্ভার থেকে তুলে দেয়া হবে বিসিবির ওয়েবসাইট টাইগার ক্রিকেট ডটকমে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১৫৭ ঘ.
bdnews24