চেন্নাই, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মানুষ তার ইচ্ছা পূরণের জন্য কত কিছুই না করে। উত্তর প্রদেশ রাজ্যের রবীন্দ্র কুমার সাইনির মনেও একদিন খায়েস জাগলো ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কথা বলার। এজন্য তিনি রাঁচি যান। ১৫ হাজার রুপি যোগাড় করেন ব্যবসাপত্র বেচে দিয়ে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, ধোনির খেপাটে ভক্ত ২৩ বছরে রবীন্দ্র গত মাসে তার অডিও-ভিডিও ব্যবসার বেচে দিয়ে চলে যান ধোনির নিজ শহর রাঁচিতে। ৩৫ দিন পর তার স্বপ্ন পুরণ হয়। বুধবার স্থানীয় বিমান বন্দরের বাইরে ধোনির সঙ্গে তিনি দেখা করতে সক্ষম হন।
পরে পিটিআইকে রবীন্দ্র বলেন, "আমি ও আমার প্রেমিকা, দু'জনই ধোনির খুব ভক্ত। তবে ওর চেয়ে আমার ভালো লাগার মাত্রা অনেক বেশি। একথা শুনে সে আমাকে তা দেখাতে বলে। বাকিটা তো আপনারা জানেনই।"
ধোনির বন্ধু অনিমেষ কুমার বলেন, "ওই লোক যে বেশ কিছু দিন ধরেই রাঁচিতে আছে তা আমরা জানতাম। তিনি ধোনির সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য আমাদের ধরেছিল। বিমানবন্দরে তিনি তার মনের বাসনা পূরণ করেছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৯৫৮ ঘ.
bdnews24