২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বো টেস্টের লাগাম শ্রীলঙ্কার হাতে

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্থানে ওঠার স্বপ্ন শ্রীলঙ্কা এখন দেখতেই পারে। থিলান সামারাবিরার শতকে শ্রীলঙ্কা সব উইকেট হারিয়ে রান তুলেছে ৪১৬। জবাবে ১৫৯ রান তুলতেই পাঁচ উইকেট খুইয়েছে নিউজিল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2009, 10:07 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্থানে ওঠার স্বপ্ন শ্রীলঙ্কা এখন দেখতেই পারে। থিলান সামারাবিরার শতকে শ্রীলঙ্কা সব উইকেট হারিয়ে রান তুলেছে ৪১৬। জবাবে ১৫৯ রান তুলতেই পাঁচ উইকেট খুইয়েছে নিউজিল্যান্ড। রোস টেইলরের অপরাজিত ৭০ রানই কিউই ইনিংসকে এখনো এগিয়ে নিয়ে যাচ্ছে। ১১৮ বল খেলে ৯টি চার মারেন তিনি। তাকে সঙ্গ দিচ্ছেন ব্রেন্ডন ম্যাককুলাম ৫ রান নিয়ে। উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গুপ্টিলের ৩৫ ছাড়া নিউজিল্যান্ডের আর কোন ব্যাটসম্যান উল্লেখ করার মতো রান সংগ্রহ করতে পারেননি। তবে জেসি রাইডার ২৩ রান করেন ৭৩ বলে। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে থিলান থুশারা ২ উইকেট নিয়েছেন। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন দাম্মিকা প্রাসাদ, রঙ্গনা হেরাথ ও মুত্তিয়া মুরালিধরন। এর আগে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে বৃহস্পতিবার তিন উইকেটে ২৬২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিক শ্রীলঙ্কা। চতুর্থ উইকেট জুটিতে ১৮০ রান যোগ করে দলীয় ২৯৫ রানের মাথায় আউট হন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। ৯২ রান করেন তিনি ২৩৪ বলে। চার মেরেছেন আটটি। জয়াবর্ধনে অল্পের জন্য শতক বঞ্চিত হলেও সামারাবিরার ব্যাট চলতে থাকে সমানে। শেষ পর্যন্ত থামেন ১৪৩ রানে। দলীয় ৪১৫ রানের মাথায় প্যাটেলের বলে ম্যাককুলামের হাতে ধরা পড়ে বিদায় নেন তিনি। ২৪০ বল খেলে তিনি ১৭টি চার ও একটি ছক্কা মারেন। আহত অল-রাউন্ডার অ্যাঙ্গেলো ম্যাথিউসের আগে ব্যাটিং-এ নেমে চামারা কাপুগেদেরা ৬৩ বলে ৩৫ রান করেন। বিদায় নেন দলীয় ৩৬৭ রানের মাথায়। স্পিনার জিতেন প্যাটেলকে তুলে মারতে গিয়ে ধরা পড়েন তিনি অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরির হাতে। শ্রীলঙ্কা মধ্যাহ্ন বিরতিতে যায় পাঁচ উইকেটে ৩৭২ রান নিয়ে। মধ্যাহ্ন বিরতির পর স্বাগতিক ব্যাটসম্যানদের মধ্যে আর কেউ সুবিধা করতে পারেননি। উইকেট পড়তে থাকে নিয়মিত বিরতিতে। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার ইনিংস থেমে যায় ৪১৬ রানে। নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার ছিলেন জিতেন প্যাটেল। ২০ ওভারে ৭৮ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। এছাড়া অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি নিয়েছেন ৩ উইকেট। ৪০ ওভার ৩ বলে তিনি রান দিয়েছেন ১০৪। অ্যাসেজ সিরিজে অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় এই টেস্ট জিতলেই শ্রীলঙ্কা রিলায়েন্স মোবাইল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্থানে উঠে যাবে। আর অস্ট্রেলিয়া নেমে যাবে চতুর্থ স্থানে। দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কা এগিয়ে আছে ১-০ তে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯২৬ ঘ.