২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টিং-এর পক্ষে সতীর্থরা

অ্যাশেজ সিরিজ হারের পর খুব নাজুক অবস্থায় আছেন অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং। তার অধিনায়কত্ব থাকা না থাকা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে সারা অস্ট্রেলিয়ায়। তবে বুধবার অস্ট্রেলিয়া দল দেশে ফেরার পর পন্টিংয়ের পক্ষেই কথা বলছেন তার সতীর্থরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2009, 01:45 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

সিডনি, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অ্যাশেজ সিরিজ হারের পর খুব নাজুক অবস্থায় আছেন অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং। তার অধিনায়কত্ব থাকা না থাকা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে সারা অস্ট্রেলিয়ায়। তবে বুধবার অস্ট্রেলিয়া দল দেশে ফেরার পর পন্টিংয়ের পক্ষেই কথা বলছেন তার সতীর্থরা। পন্টিংই হচ্ছেন একমাত্র অধিনায়ক, যার নেতৃত্বে একশ' বছরেরও বেশি সময়ের মধ্যে অস্ট্রেলিয়া দু'বার ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ হারলো। রিকি পন্টিং এখনও না ফিরলেও তার দলের অন্য সদস্যরা এরই মধ্যে দেশে ফিরে এসেছেন। কিন্তু সিডনি বিমান বন্দরে নেমেই সাংবাদিকদের তোপের মুখে পড়েন তারা। পন্টিং-এর অধিনায়কত্বের যৌক্তিকতা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে প্রথমেই এগিয়ে যান ফাস্ট বোলার স্টুয়ার্ট ক্লার্ক। বলেন,"রিকি পন্টিং-এর প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। আমি মনে করি, আসলেই অধিনায়ক হওয়ার মতো ক্রিকেটার একমাত্র তিনিই।" এখানেই থেমে থাকেননি ক্লার্ক। আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেন, "কেউ যদি অন্য কথা বলে তা হবে হাস্যকর।" উদ্বোধনী ব্যাটসম্যান সায়মন ক্যাটিচেরও একই কথা। তিনি বলেন, পন্টিং দলের ক্রিকেটারদের সমর্থন পাবেন। শুধু তাই নয়, ওভালে খেলা ১১জন ক্রিকেটারই তার পক্ষে কথা বলবেন। এই ওভাল টেস্ট জিতেই ইংল্যান্ড ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়। তবে সাবেক অস্ট্রেলীয় ব্যাটসম্যান ডিন জোন্স বলছেন অন্য কথা। তার মতে, রিকি পন্টিংয়ের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া উচিত। তার দায়িত্ব দেওয়া দরকার লেগ স্পিনার শেন ওয়ার্নকে। এজন্য অবশ্য অবসর থেকে ওয়ার্নকে ফিরিয়ে আনতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৯২২ ঘ.