ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সফরকারী দলের জন্য শ্রীলঙ্কার মটি বরাবরই কঠিন। প্রথম টেস্ট হেরে এরই মধ্যে নিশ্চয় টের পেয়েছে নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট তাদের জন্য যে আরও কঠিন করে তুলবে শ্রীলঙ্কা তা বলাই বাহুল্য।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে বুধবার শুরু হতে যাচ্ছে দ্বিতীয় টেস্ট। এটি শুধুই সিরিজ নির্ধারণী ম্যাচই নয়, লঙ্কানদের কাছে র্যাংকিং-এ এগিয়ে যাওয়ার মিশনও। অর্থাৎ নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেই টেস্ট র্যাংকিংয়ের দুই নম্বরে উঠে আসবে স্বাগতিকরা। তাই জানবাজি রেখেই মাঠে নামবে শ্রীলঙ্কা।
অন্যদিকে কিউইদের জন্য শেষ টেস্টটি সিরিজে সমতা ফিরিয়ে আনার মিশন। অনেকটা মান রক্ষারও। সেদিক থেকে তারাও লঙ্কানদের চাপে রাখতে চেষ্টা করবে। পেটের সমস্যাও কাটিয়ে উঠেছে তাদের সাত ক্রিকেটার। পেটের সমস্যায় প্রথম টেস্টে কম ভোগান্তি হয়নি সফরকারীদের। সেদিক থেকে বলতে গেলে লঙ্কানদের জবাব দিতে আটঘাট বেঁধেই মাঠে নামবে নিউজিল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০০১ ঘ.
bdnews24