ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়োজক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০১১ ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ১৮ ফেব্র"য়ারি ঢাকায়। এখন অংশগ্রহণকারী দলগুলোর সুবিধার্থে অনুষ্ঠানটি একদিন এগিয়ে আনার চিন্তা করছে বিশ্বকাপ অপারেশন্স কমিটি।
শুক্রবার ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপ অপারেশন্স কমিটির বৈঠকে উদ্বোধনী অনুষ্ঠান এগিয়ে আনার বিষয়ে একমত হয়েছেন কর্মকর্তারা। বিশ্বকাপ কেন্দ্রীয় আয়োজক কমিটিতে অনুমোদনের পরই সেটি চূড়ান্ত হবে। কেন্দ্রীয় কমিটির পরবর্তী সভায় এই প্রস্তাব তোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র সহ-সভাপতি ও বিশ্বকাপ কেন্দ্রীয় অপারেশন্স কমিটির অন্যতম আহ্বায়ক মাহাবুবুল আনাম।
অপারেশন্স কমিটির সভা শেষে দেশে ফিরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"উদ্বোধনী অনুষ্ঠানে ১৪টি দলই অংশ নেবে। প্রত্যেকের নিজস্ব ভেন্যুতে দলগুলো যাতে খেলার আগেই পৌঁছাতে পারে তাই উদ্বোধনী অনুষ্ঠান একদিন এগিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। উদ্বোধনী খেলা ১৯ ফেব্র"য়ারি যথা সময়েই হবে।"
ভারত, শ্রীলংকা ও পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ। তবে নিরাপত্তার কারণে পাকিস্তান থেকে খেলা প্রত্যাহার করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা ভাগ করে দিয়েছে বাকি তিনটি দেশের মধ্যে।
উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও একটি কোয়ার্টার ফাইনালসহ আটটি ম্যাচ হবে বাংলাদেশে। উদ্বোধনী খেলারও আয়োজক বাংলাদেশ।
মাহবুবুল আনাম জানান প্রস্তাবিত এই সূচী চূড়ান্ত অনুমোদন পাবে নভেম্বরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২২৩৩ঘ.
bdnews24