২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুভেচ্ছা আর ভালবাসায় ভাসলেন ক্রিকেটাররা

বেলি ফুলের মালা, গোলাপের তোড়া, নানা ফুলে সাজানো ঝাঁপি ক্রিকেটারদের হাতে পৌঁছে গেল। চারিদিকে সুবাস ছড়ালো বাহারি ফুল। ঠিক যেন বিজয়ী বীরের সম্মান পেলেন জাতীয় দলের ক্রিকেটাররা, যা তাদের প্রাপ্যই ছিল। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে জয় করে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরে বিমান বন্দরে এই সম্মান পেয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সেকান্দার আলী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 06:59 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেলি ফুলের মালা, গোলাপের তোড়া, নানা ফুলে সাজানো ঝাঁপি ক্রিকেটারদের হাতে পৌঁছে গেল। চারিদিকে সুবাস ছড়ালো বাহারি ফুল। ঠিক যেন বিজয়ী বীরের সম্মান পেলেন জাতীয় দলের ক্রিকেটাররা, যা তাদের প্রাপ্যই ছিল। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে জয় করে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরে বিমান বন্দরে এই সম্মান পেয়েছেন তারা। এখানেই শেষ নয়, তাদের জন্য অপেক্ষা করছে সংবর্ধনা। সাফল্যের স্বীকৃতি হিসেবে পাবেন আর্থিক পুরস্কারও। অনেকের কাছে বাড়াবাড়ি মনে হতে পারে। কিন্তু ক্রিকেটারদের সাফল্যের দিকে তাকালে মোটেও বাড়াবাড়ি মনে হওয়ার কথা নয়। দেশে যে এমন উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছে ক্রিকেটারদের তা জানাই ছিলো। তাই তো উচ্ছাসে ফেটে পড়েননি সাকিব-তামিমরা। বরং এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে ভবিষ্যতে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রতিশ্র"তি দিলেন তারা। "ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে প্রতিজ্ঞা ছিল ভাল ক্রিকেট খেলার। আমরা কেবল নিজেদের দায়িত্ব পালন করেছি। তাতেই সাফল্য এসেছে। এতে আমরা কল্পনার জগতে ভাসছি না। তবে এই দিনটা আমাদের কাছে বিশেষভাবে মনে থাকবে," দেশে ফিরে সংবাদ সম্মেলনে বলেন ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসান। অধিনায়ক একা নন, সংবাদ সম্মেলনে তার সঙ্গী হলেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুই কর্মকর্তা। ঠিক যেন একটি দল হয়ে মোকাবেলা করতে এসেছেন ক্রীড়া সাংবাদিকদের। একজনের পালা শেষ হলে অন্যজন আসছেন। বলেছেন বিজয়ের কথা। "আমরা কঠোর পরিশ্রম করেই এ পর্যায়ে এসেছি। টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের কাছে একটি মাত্র হার ছাড়া গত এক বছর ধরে ভাল ক্রিকেট খেলছি," বলেন মুশফিকুর রহিম। সাফল্যের ডালা একটু অপূর্ণ রেখেছেন উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি পাননি। তবে ভবিষ্যতে এমন সুযোগ এলে ভালভাবেই কাজে লাগানোর ইচ্ছে আছে তার। ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়েতে এত কিছু অর্জনের পরও টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার যন্ত্রণা এখনো তাড়িয়ে বেড়াচ্ছে আশরাফুলকে। যদিও দু'টি সফরে পাওয়া না পাওয়ার হিসেব দিলেন সাবেক অধিনায়ক। তিনি বলেন, "ওয়েস্ট ইন্ডিজে টেস্টে খারাপ সময় গেছে আমার। তবে একদিনের ক্রিকেটে ভাল খেলেছি। জিম্বাবুয়েতেও রানের মধ্যে ছিলাম। দলের সবাই আমাকে উৎসাহ দিয়েছে। ফর্মে ফিরতে কোচ সহযোগিতা করেছেন। সবার কাছে আমি কৃতজ্ঞ।" সোজা-সাপ্টা কথা বলার মানুষ তামিম ইকবাল। ঘোর-প্যাচের মধ্যে না গিয়ে বললেন, "আমরা আগের জায়গাতেই আছি। শুধু কয়েকটি ম্যাচ জিতেছি। সবার কাছে মনে হচ্ছে এতেই বদলে গেছে বাংলাদেশ দল। অবশ্য সাফল্য সব সময়ই আনন্দের। দু'টি সিরিজে টপঅর্ডার ব্যাটসম্যানরা রান পেয়েছে এটা ভবিষ্যতের সঞ্চয়।" তবে নিজের ব্যক্তিগত অর্জনে বেজায় খুশি উদ্বোধনী এই ব্যাটসম্যান। বলেন, "স্বপ্ন ছিল আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক রান করবো। বড় ইনিংস খেলবো। ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে সফরে তা করতে পেরেছি।" গেলাম, দেখলাম আর জয় করলাম-মাহমুদুল্লাহর জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর ঠিক যেন তাই। অভিষেক টেস্টে জিতেছেন। জিতেছেন টেস্ট সিরিজ। বাকিটা সবারই জানা। আর এই সাফল্যের পেছনে রিয়াদের অবদান নেহায়েত কম নয়। "মাশরাফি যখন হাঁটুতে চোট পেলেন তখনই আমার মধ্যে জেদ চেপে বসে দলের জন্য কিছু একটা করার। পরিকল্পনা মত খেলতে পারায় সাফল্য পেয়েছি," বলেন রিয়াদ। ওয়েস্ট ইন্ডিজে যতটা সফল ছিলেন এই স্পিন অল-রাউন্ডার জিম্বাবুয়ে সফরে ততটা নন। তারপরও বিজয়কে অন্য উচ্চতায় রাখছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/০১০৫ ঘ.