ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একের পর এক উইকেট হারিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে জিম্বাবুয়ে। ৪৭ রানে চার ব্যাটসম্যানকে হারিয়েছে তারা। ১০ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ চার উইকেটে ৫৩।
যার মধ্যে তিন উইকেটই নিয়েছেন পেসার ডলার মাহমুদ। সিরিজে প্রথম ম্যাচ খেলতে নেমেই এই সাফল্য পেয়েছেন বাংলাদেশি এই পেসার।
দলীয় ৫ রানে ভুসিমুসি সিবান্দাকে সরাসরি বোল্ড করেন ডলার। এরপর চার্লস কভেন্ট্রিকে বিদায় দেন উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে। আগের ম্যাচে একদিনের ক্রিকেটে ব্যক্তিগত রানের বিশ্বরেকর্ড স্পর্শ করা কভেন্ট্রি আউট হন শূন্য রানে।
তৃতীয় উইকেটের পতন হয় দলীয় ৪৩ রানে। ব্যক্তিগত ২৫ করে রান আউট হন উদ্বোধনী ব্যাটসম্যান মাসাকাদজা। চার নম্বরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি ওয়ালার। ব্যক্তিগত ১০ রান নিয়ে ডলারের বলে বোল্ড হন তিনি।
অথচ আগের দুই ম্যাচের মত বড় ইনিংসের আশায় মঙ্গলবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাটিং নেন জিম্বাবুয়ে অধিনায়ক প্রসপার উতসেয়া। তখন হয়তো ভাবতে পারেননি নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে হবে।
সিরিজের পঞ্চম ও শেষ একদিনের ম্যাচে একাদশে দু'টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার মাহবুবুল আলমের পরিবর্তে সুযোগ পেয়েছেন ডলার মাহমুদ। রুবেল হোসেনের বদলি হিসেবে জিম্বাবুয়ে সফর করছেন তিনি। এছাড়া স্পিনার এনামুল হক জুনিয়রের জায়গায় খেলছেন মেহরাব হোসেন জুনিয়র। সিরিজের তৃতীয় ওয়ানডেতে একাদশে ছিলেন মেহরাব।
এরই মধ্যে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। পঞ্চম ম্যাচটি তাই অনেকটা চাপ মুক্ত থেকেই খেলার সুযোগ পাচ্ছে সফরকারী দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এমআই/১৫০১ ঘ.
bdnews24