২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের জয়ের ব্যবধান বাড়িয়ে নেওয়ার ম্যাচ

এরই মধ্যে একদিনের সিরিজ নিজের করে নিয়েছে বাংলাদেশ। তাই মনে হতেই পারে পঞ্চম ম্যাচের গুরুত্ব বলতে গেলে আর নেই। কিন্তু মোটেও তা নয়, পরপর তৃতীয়বারের মতো আধিপত্যের সঙ্গে সিরিজ জয় কিংবা জয়ের ব্যবধান বাড়িয়ে নেওয়া, সেই সঙ্গে জয়ের ধারায় থাকার জন্য বাংলাদেশের কাছে বুলাওয়ের মঙ্গলবারের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2009, 04:40 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এরই মধ্যে একদিনের সিরিজ নিজের করে নিয়েছে বাংলাদেশ। তাই মনে হতেই পারে পঞ্চম ম্যাচের গুরুত্ব বলতে গেলে আর নেই। কিন্তু মোটেও তা নয়, পরপর তৃতীয়বারের মতো আধিপত্যের সঙ্গে সিরিজ জয় কিংবা জয়ের ব্যবধান বাড়িয়ে নেওয়া, সেই সঙ্গে জয়ের ধারায় থাকার জন্য বাংলাদেশের কাছে বুলাওয়ের মঙ্গলবারের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পক্ষান্তরে জিম্বাবুয়ের জন্য পরাজয়ের ব্যবধান কমিয়ে আনার ম্যাচ এটি। আক্ষরিক অর্থেই বাংলাদেশকে হারাতে না পারলেও ক্রিকেট বিশ্বকে চমকে দেওয়ার আরেকটি সুযোগ এসেছে তাদের সামনে। বাংলাদেশের ব্যাটিং বেশ শক্তিশালী হয়ে উঠেছে। ফর্মে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। ইনিংসের শুরুতে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের মধ্যে ধরে খেলার প্রবণতা জেগে উঠেছে। মিডল অর্ডারে ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসান ও রকিবুল হাসান তাদের দায়িত্ব পালন করছেন স্বাচ্ছন্দের সঙ্গে। দুশ্চিন্তা কেবল বোলিং নিয়ে। প্রতিপক্ষের পরপর দু'বার তিন শ'রও বেশি রান সংগ্রহ তারই ইঙ্গিত দেয়। তবে একথাও সত্যি যে চারটি ম্যাচই হয়েছে পুরোদস্তুর ব্যাটিং উইকেটে। মার খাওয়া ছাড়া কিছুই করার ছিল না বোলারদের। এছাড়া ইনজুরির থাবায় মাঠের বাইরে রয়েছেন বাংলাদেশের বোলারদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন। সম্ভবত ম্যাচ প্র্যাকটিসের অভাবে জিম্বাবুয়ে প্রথম দু'টি ম্যাচ খারাপ করলেও দিন দিন উন্নতি করছে। তৃতীয় ওয়ানডে তিন শ'রও বেশি রান তুলে জিতে নিয়েছে। চতুর্থ একদিনের ম্যাচ হারলেও বাংলাদেশকে টার্গেট দিয়েছিল তিন শ'রও বেশি। বাংলাদেশের মতো বোলিংও জিম্বাবুয়ের দুশ্চিন্তার কারণ। চার নিয়মিত বোলার নিয়ে মাঠে নামছে তারা। আর বার বার ফল হচ্ছে হিতে-বিপরীত। আগের ম্যাচের ক্রিকেটারদের নিয়েই সম্ভবত মাঠে নামবে বাংলাদেশ। পক্ষান্তরে জিম্বাবুয়ের প্রয়োজন আরেকজন বোলারকে দলে নেওয়া, যাতে আক্রমণভাগ শক্তিশালী হয়ে ওঠে। বাংলাদেশ: (সম্ভাব্য) তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান (অধিনায়ক), রকিবুল হাসান, মুশফিকুর রহমান (উইকেট কিপার), মাহমুদুল্লাহ, নাঈম ইসলাম, মাহবুবুল আলম, এনামুল হক জুনিয়র ও সৈয়দ রাসেল। জিম্বাবুয়ে: (সম্ভাব্য) হ্যমিল্টন মাসাকাদজা, মার্ক ভারমুলেন, চার্লস কভেন্ট্রি, ব্রেন্ডন টেলর (উইকেট কিপার), শন উইলিয়মস, এল্টন চিগুম্বুরা, স্টুয়ার্ট মাতসিকেনেরি, প্রসপার উতসেয়া (অধিনায়ক), রে প্রাইস, টাওয়ান্ডা মুপারিওয়া ও অ্যাড রেইন্সফোর্ড। (তথ্য ক্রিকইনফো থেকে নেওয়া) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২২৪৫ ঘ.