ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্বাগতিক শ্রীলঙ্কা প্রস্তুতি নিচ্ছে বটে। তবে কুমার সাঙ্গাকারার খেলোয়াড়দের চোখ রয়েছে অ্যাসেজ সিরিজের ফলাফলের ওপর। কেননা অঙ্কের হিসাব-নিকাশে রিলায়েন্স মোবাইল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থানে ওঠার একটা সুয়োগ সৃষ্টি হবে শ্রীলঙ্কার জন্য।
আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার বলা হয়, ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে ২-০ ম্যাচে সিরিজ জিতলে শ্রীলঙ্কার জন্য দ্বিতীয় স্থানে ওঠার একটা সুযোগ সৃষ্টি হবে। তবে এটি তখনই ঘটবে যদি ওভালে সিরিজ নির্ধারণী টেস্টে অস্ট্রেলিয়া হেরে যায়।
অস্ট্রেলিয়া জিতলে তালিকার শীর্ষেই থেকে যাবে তারাই। হারলে নেমে যাবে চতুর্থ স্থানে। এতে দক্ষিণ আফ্রিকা উঠে যাবে শীর্ষে। শ্রীলঙ্কা দ্বিতীয় ও ভারত থাকবে তৃতীয় স্থানে। এমন কি, অমিমাংসিতভাবে টেস্ট শেষ করলেও অস্ট্রেলিয়া শীর্ষ স্থান হারাবে।
অস্টেলিয়া ইংল্যান্ডকে হারিয়ে দেওয়ার পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১-০ ম্যাচে সিরিজ জিতলেও কোন লাভ হবে না শ্রীলঙ্কার। নেমে যাবে চতুর্থ স্থানে।
শ্রীলঙ্কার ১-০ ম্যাচে সিরিজ জয়ের পাশাপাশি অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কাছে হেরে গেলে লাভ হবে ভারতের। তারা উঠে যাবে শ্রীলঙ্কার উপড়ে, দ্বিতীয় স্থানে। এতে এই বিষয়টিই স্পষ্ট হয়ে উঠেছে যে রিলায়েন্স মোবাইল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ও ভারতের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে।
র্যাঙ্ক দল রেটিং
১ অস্ট্রেলিয়া ১২৪
২ দঃ আফ্রিকা ১২২
৩ শ্রীলঙ্কা ১১৯
৪ ভারত ১১৯
৫ ইংল্যান্ড ৯৯
৬ পাকিস্তান ৮৪
৭ নিউজিল্যান্ড ৮২
৮ ওয়েস্ট ইন্ডিজ ৭৬
৯ বাংলাদেশ ১৩
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮২৪ ঘ.
bdnews24