ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতিহাস নতুন করে লেখানোর আনন্দই আলাদা। ওয়েস্ট ইন্ডিজ সফরে যে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ সেই ইতিহাসই আবার লেখালো বুলাওয়েতে। ১৩ বল বাকি থাকতেই রেকর্ড ৩১৩ রান তাড়া করে চার উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। সেই সঙ্গে জিতলো সিরিজও। আর এই সাফল্য এসেছে তামিমের অনবদ্য ১৫৪ রানের কল্যাণে।
রেকর্ড আরো আছে। জিম্বাবুয়ের মাটিতে একদিনের ক্রিকেটে টানা দ্বিতীয় সিরিজ জয়ের কৃতিত্ব দেখালো টাইগাররা। জিম্বাবুয়ের মাটিতে এ পর্যন্ত পাঁচটি সিরিজ খেলেছে বাংলাদেশ। সেখানে প্রথম সিরিজ জেতে ২০০৭ সালে।
এবার এক ম্যাচ আগেই সিরিজ জয়ের গৌরব অর্জন করলেন সাকিবরা। দুই দেশে মোট ৯টি সিরিজ খেলে পাঁচবার জিতেছে বাংলাদেশ। এর মধ্যে এটি নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টানা চতুর্থ সিরিজ জয়।
ওয়ানডেতে অনেকবারই তিনশ'রও বেশি রান তাড়া করেছে বাংলাদেশ। কিন্তু জয়ের সম্ভাবনা দূরের কথা, প্রতিবারই হেরেছে বড় ব্যবধানে। ৩১২ রানের টার্গেট টপকে যাওয়ার অভিজ্ঞতা এবারই প্রথম। এর আগে সর্বোচ্চ ২৭৪ রান তাড়া করে ম্যাচ জেতে বাংলাদেশ। এই তো গত মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এসেছে সে সাফল্য। এরও আগে ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪৯ রান টপকে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ।
চার্লস কভেন্ট্রির কল্যাণে বাংলাদেশকে ৩১৩ রানের বিশাল টার্গেট দেয় জিম্বাবুয়ে। জয়ের হিসেবটা তখন মেলানো মোটেই সহজ ছিলো না। তারওপর দলীয় ৬৮ রানে বিদায় নেন জুনায়েদ সিদ্দিকী (৩৮)।
আশরাফুল বেমালুম ভুলে যান নিজের দায়িত্বের কথা। ১০ রান তুলেই প্রাইসের বলে ভুল শট খেলে কভেন্ট্রির হাতে ক্যাচ দেন। কিন্তু রকিবুল উইকেটে এসে তামিমের সঙ্গে মানিয়ে নেয়ার পরই হাফ ছেড়ে বাঁচে বাংলাদেশ শিবির। ১১৯ রান যোগ করে লক্ষ্যের দিকে দলকে অনেকটাই এগিয়ে নেয় এই জুটি।
দলের ১৯৪ রানের মাথায় ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ পান তামিম। ১০৫ বলে করেন ঠিক ১০০ রান। ৩৫ ওভার এক বলে ২০০ রান ছাড়িয়ে যায় বাংলাদেশ। হাতে যথেষ্ট উইকেট থাকায় বাকি ১৫ ওভারে ৩১৩ রানে পৌঁছানো আর অসম্ভব মনে হয়নি। দলীয় ২১৩ রানের মাথায় জুটি ভাঙে। ব্যক্তিগত ৩৫ রানে প্রাইসের বলে বোল্ড হন রকিবুল।
উইকেটে এসে খুব একটা বেশি সময় থাকা সম্ভব হয়নি সাকিবের (১৯)। তামিমও ব্যাক্তিগত ১৫৪ রানে প্রাইসের শিকার হন। তিনি তার ইনিংসটি সাজিয়েছেন সাত বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি দিয়ে। খেলেছেন ১৩৮ বল। একদিনের ক্রিকেটে কোন বাংলাদেশি ব্যাটসম্যানের এটিই সর্বোচ্চ স্কোর। তামিম বিদায় নেন দলীয় ২৭৯ রানের মাথায়।
প্রয়োজনীয় বাকি ৩৪ রান তুলতে খুব একটা বেগ পেতে হয়নি। শুধুমাত্র মুশফিকের উইকেটটি হারোনা ছাড়া।
বাংলাদেশের এই সাফল্যের পুরোভাগে রয়েছেন তামিম। তিনি একা যা করেছেন বাকি ছয় ব্যাটসম্যানের রানও তার সমান নয়। আর এই রান তুলতে তামিম কতটা আগ্রাসী ছিলেন তা বোঝা যায় তার গড় দেখলে।
ফ্লাট উইকেটে আগে ব্যাটিং নেওয়ার নিয়ম চিরাচরিত। রোববার বুলাওয়েতে টস জিতে তাই ব্যাটিংই নিলেন জিম্বাবুয়ে অধিনায়ক প্রসপার উতসেয়া। তখন কেউই ভাবেননি কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে রেকর্ড হতে যাচ্ছে। শুরুতে উইকেট হারানোর পর রেকর্ড দূরে থাক, সম্মানজনক স্কোরের ভাবনাই বড় হয়ে ওঠে স্বাগতিকদের কাছে। বিশেষ করে, দলীয় ৫ রানে ভার্মুলেনের বিদায়ে বাংলাদেশ দলের ক্রিকেটাররা যেভাবে উল্লাস করেন তাতে জিম্বাবুয়ে ক্রিকেটারদের আঁতকে ওঠারই কথা। কিন্তু বাংলাদেশের উৎসবে জল ঢেলে দেন চার্লস কভেন্ট্রি। সফরকারী বোলারদের তুলোধুনো করে দলের রান এগিয়ে নেন। তিন নম্বরে ব্যাট করতে এসে টিকে থাকেন ইনিংসের শেষ পর্যন্ত। কি চমৎকার ব্যাটিংই না করেছেন ২৬ বছরের এই ব্যাটসম্যান!
প্রতিটা ধাপ পার হয়েছেন আত্মবিশ্বাসের সঙ্গে। প্রথমে হাফ সেঞ্চুরি, এরপর সেঞ্চুরি। সেখান থেকে ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড স্পর্ষ।
তিনি হাফ সেঞ্চুরি করেন ৪৩ বলে, সেঞ্চুরি আসে ১১০ বলে। বিশ্বরেকর্ডের মাইলফলক স্পর্শ করেন ইনিংসের শেষ বলে দুই রান করে। তার ব্যাটিং দেখে মনে হয়েছে চাইলে হয়তো সাঈদ আনোয়ারের রেকর্ড নিজের করে নিতে পারতেন কভেন্ট্রি। শেষ দুই ওভারে বরং অন্যদের ছাড় দিলেন। শেষ দিকে তার ব্যাটিং দেখে যে কারোই মনে হতে পারে রেকর্ডের জন্য লালায়িত ছিলেন না জিম্বাবুয়ের এই ক্রিকেটার।
১৬ বাউন্ডারি ও ৭ ওভার বাউন্ডারি মেরে ১৫৬ বলে এই রেকর্ড করেন কভেন্ট্রি। তার রান ক্ষুধা দেখে মনে হয়েছে সেঞ্চুরির পেরিয়ে ডাবল সেঞ্চুরির দিকেই এগিয়ে যাচ্ছেন মারমুখো এই ব্যাটসম্যান। ১৫তম ম্যাচে এটি তার প্রথম সেঞ্চুরি।
ওয়ানডে ক্রিকেটে এটিই ব্যক্তিগত সর্বোচ্চ রান। তবে এর মালিক তিনি একা নন। সাবেক পাকিস্তানী উদ্বোধনী ব্যাটসম্যান সাঈদ আনোয়ার ১২ বছর আগে ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে মোহালিতে ১৯৪ রান করেছিলেন। অবশ্য এক্ষেত্রে একটি পার্থক্য আছে। সাঈদ আনোয়ার আউট হয়েছিলেন। আর কভেন্ট্রি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।
জিম্বাবুয়ের দ্বিতীয় উইকেটের পতন ঘটে ৮৭ রানে। আশরাফুলের বলে রকিবুলের হাতে ক্যাচ দেন উদ্বোধনী ব্যাটসম্যান মাসাকাদজা। ২১ রান করেন আগের ম্যাচের এই সেঞ্চুরিয়ান। অত্যন্ত আক্রমণাত্মক ব্যাটিং করে ৮২ রান তোলেন তারা দ্বিতীয় উইকেট জুটিতে।
কভেন্ট্রিকে সঙ্গ দিতে এসে পরের দুই ব্যাটসম্যান অবশ্য সুবিধা করতে পারেননি। দলীয় ১০২ রানের মাথায় ব্রেন্ডন টেলর ও ১১১ রানে উইলিয়ামস আউট হয়ে গেলে জিম্বাবুয়ের রান তোলার গতি কমে আসে। টেলর ব্যক্তিগত ৯ রানে এনামুল হক জুনিয়রের বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়েন। আর নাঈম ইসলামের বলে সরাসরি বোল্ড হন উইলিয়ামস। দশ বলে ৪ রান করেন তিনি।
তবে পঞ্চম জুটিতে মাতসিকানেরি আর কভেন্ট্রি ফের ঘুরে দাঁড়ালে চাপে পড়েন বাংলাদেশের বোলাররা। ১০৭ বলে ১০০ রান যোগ করে এই জুটি। ৩৭ করে রান আউট হন মাতসিকানেরি। দলের সংগ্রহ তখন ২১৮।
পাওয়ার প্লেতে আরো তিন ব্যাটসম্যান আউট হলেও টানা দ্বিতীয় ম্যাচে ৩০০ রান টপকে যায় জিম্বাবুয়ে।
দৃশ্যত জিম্বাবুয়ের ধারাবাহিক উন্নতি চোখে পড়লেও বোলিং এবং ফিল্ডিংয়ে বাংলাদেশের অধঃগতি স্পষ্ট হয়ে ওঠে। পেস আক্রমণ নেই বললেই চলে। সৈয়দ রাসেল রান কিছুটা কম দিলেও মাহাবুবুল আলম রবীন লাগাম ছাড়া বল করেন। শীর্ষ অল-রাউন্ডার সাকিবও বোলিং-এ নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ইনিংসে সবচেয়ে বেশি রান দিয়েছেন বাংলাদেশ অধিনায়কই। ৯ ওভারে ৭০ রান দিয়ে উইকেট কোন উইকেট পাননি। ৮ ওভারে ৬৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন রবীন। তবে বোলার আশরাফুলকে কৃতিত্ব দিতেই হবে। ৪ ওভারে ১১ রান দিয়ে একটি উইকেটও নিয়েছেন। নিখাদ ব্যাটিং উইকেট বলেই বোধহয় একটু বেশি রানই খরচ করে ফেলেছেন সফরকারী বোলাররা।
রেকর্ডের দিনে ম্যাচ সেরার পুরস্কারও ভাগাভাগি হয়েছে। বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তামিম ইকবাল আর ১৯৪ রানের অসামান্য এক ইনিংস খেলায় জিম্বাবুয়ের চার্লস কভেন্ট্রিকে ম্যাচ সেরার সম্মান দেওয়া হয়েছে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৩১৩/৬ (তামিম ইকবাল ১৫৪, জুনায়েদ সিদ্দিকী ৩৮, রকিবুল হাসান ৩৫, প্রাইস ৬০/৩)
জিম্বাবুয়ে: ৩১২/৮ (চার্লস কভেন্ট্রি ১৯৪*, মাতসিকানেরি ৩৭, মাহাবুবুল আলম ৬৩/২, এনামুল হক জুনিয়র ৫১/২)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০৩০ ঘ.
bdnews24