ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এমনিতেই পেস বোলিং-এ সমৃদ্ধ হয়ে ওঠা হয়নি বাংলাদেশর। তারওপর একেরপর এক ইনজুরি থাবা বসাচ্ছে পেস বোলারদেরই ওপর। অশনি সংকেতও পেতে শুরু করেছে বাংলাদেশ। ইনজুরির কারণে ফুরিয়ে যাচ্ছে পেস বোলারের ভান্ডার।
সর্বশেষ ইনজুরি থাবা বসিয়েছে জিম্বাবুয়ে সফরে থাকা পেসার নাজমুল হোসেনের ওপর। বৃহস্পতিবার অনুশীলনের সময় উরুর পেশিতে টান পড়ায় সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে পারছেন না নাজমুল। দুই সিরিজে এ নিয়ে তিন পেসারকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে চলে যেতে হয়েছে শুধুমাত্র ইনজুরির কারণে।
"শারীরিকভাবে যথার্থ ফিট না থাকায় এই সমস্যা দেখা দিতে পারে কিংবা এমনও হতে পারে পেশীর পুরনো চোটগুলো সেরে ওঠার আগেই আন্তুর্জাতিক ক্রিকেটে নামছেন পেসাররা। ফলে টানা ম্যাচ খেলতে গিয়ে ফের আঘাত পাচ্ছেন," বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন সাবেক পেসার ও বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
হাতে গোনা ছয়-সাতজন পেস বোলার ঘুরে-ফিরে খেলছেন জাতীয় দলে। তাদের মধ্যে সবার আগে হাঁটুতে চোট পেয়ে বিদায় নিয়েছেন দেশের এক নম্বর পেসার মাশরাফি বিন মুর্তাজা। তার দুই হাঁটুতেই অপারেশন করাতে হয়েছে।
অস্ট্রেলীয় বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড ইয়াংয়ের বিশ্বাস ছয় সপ্তাহ পরই মাঠে ফিরতে পারবেন মাশরাফি।
ওয়েস্ট ইন্ডিজ সফরেই পেশীতে টান পড়ায় জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামতে পারেননি রুবেল হোসেন। তার জায়গায় ডলার মাহমুদকে সুযোগ দেওয়া হলেও ভিসা জটিলতায় এখনও তার দেশ ত্যাগ করাই সম্ভব হয়নি।
নাজমুল ইনজুরিতে পড়ায় ভান্ডারের শেষ পেসার রবীনকেই খেলাচ্ছে দল ব্যবস্থাপনা কমিটি। তৃতীয় ম্যাচে সৈয়দ রাসেল কিংবা রবীনের মধ্যে কেউ একজন চোট পেলে আর কোন বিকল্প থাকছে না। চতুর্থ ম্যাচের আগে ডলার জিম্বাবুয়েতে পৌঁছাতে পারবেন কি না, সে নিশ্চয়তাও মেলেনি এখনও।
শুধু পেস বোলারই নয়, পেশীর টান নিয়ে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরেছেন বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক। কুচকির ব্যাথায় ভুগছেন ভারপ্রাপ্ত অধিনায়ক শীর্ষ অল-রাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় ম্যাচে কয়েকবার ফিজিওকে মাঠে ডেকে নিয়েছিলেন তিনি। তাকে বিশ্রাম দিলে জিম্বাবুয়ে থেকে সাফল্যের ডালা নিয়ে দেশে ফেরাই কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বাংলাদেশের জন্য।
জালাল ইউনুস বলেন, "ফাস্ট বোলিং বিভাগে এমনিতেই দুর্বলতা আছে। হাতে যে কয়েকজন পেসার আছে তাদের নিয়েই বাকি ম্যাচ খেলতে হবে। সেক্ষেত্রে ফিজিও এবং ট্রেনার পেস বোলারদের ফিটনেসের দিকটি গুরুত্বের সঙ্গে দেখলেই ভালো করবেন।"
তিনি মনে করেন, সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলতে হলে ফাস্ট বোলারদের ওপর এ ধরনেরই চাপ থাকবেই। একে মোকাবেলা করেই তাদের এগিয়ে যেতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩৩৫ ঘ.
bdnews24