ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিজয় আনন্দের। কিন্তু টানা ম্যাচ খেলায় ক্রিকেটারদের শরীরে ভর করেছে ক্লান্তি। তাই দ্বিতীয় ওয়ানডে শেষে পরের ম্যাচের ফাঁকে পাওয়া অতিরিক্ত দিনটা হোটেল বসেই কাটালেন বাংলাদেশের ক্রিকেটাররা। পরিশ্রান্ত শরীর নিয়ে হয়তো ঘুরে-বেড়ানোর মানসিকতাই ছিল না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, জিম্বাবুয়ের ভিক্টোরিয়া জলপ্রপাত না দেখে বুধবার বরং শরীরের জড়তা কাটাতে ম্যাসেজ করিয়েছেন ক্রিকেটাররা। খানিকটা সময় সাঁতারও কাটেন। আর এর সবই করেছেন একটি মাত্র লক্ষ্য নিয়ে। সেরা খেলা খেলে গ্রামীণফোন ওয়ানডে কাপ জেতা। হয়তো সে আনন্দ ঘুরে বেড়ানোর চেয়ে অনেক বেশি।
শরীর যাতে আলসেমিতে পেয়ে না বসে সেজন্য সিরিজের তৃতীয় ম্যাচের আগের দিন ব্যাট-বলের অনুশীলনও করেছেন সফরকারী দলের ক্রিকেটাররা। চনমনে মন নিয়েই খেলতে নামবেন তারা।
এটি শুধুই সিরিজ জয়ের ম্যাচ নয়। জয়ের ব্যবধান বাড়িয়ে নেওয়ার ম্যাচও বটে। আর্থাৎ শুক্রবারের ম্যাচ জিতলেই বাংলাদেশের কাছে জয়ের ব্যবধানে পিছিয়ে পড়বে জিম্বাবুয়ে। এ পর্যন্ত ৩৬ বার মুখোমুখি হয়ে সমান ১৮টি করে ম্যাচ জিতেছে দুই দল।
সাদামাটা ব্যাটিং পিচে সুবিধা বেশি বাংলাদেশেরই। কারণ ফর্মে আছেন সফরকারী দলের ব্যটসম্যানরা। বিশেষ করে টপঅর্ডার ব্যাটসম্যানরা নিয়মিতই রান পাচ্ছেন। তামিম, জুনায়েদ, আশরাফুল, রাকিবুল, সাকিব আর মুশফিকুর রহিমরা আগের মত ধারাবাহিক পারফর্মেন্স করলে জিম্বাবুয়ের জন্য ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব।
যদিও বোলিং ও ফিল্ডিং-এ কিছু সমস্যা আছে বাংলাদেশের। পেস আক্রমণে সমস্যা সৃষ্টি করেছে ইনজুরি। এই ঘাটতি সামাল দিতে কিছুটা চাপ অনুভব করছেন স্পিনাররাও। কিন্তু জয়ের ধারায় থাকায় এ সবের কিছুই গায়ে মাখছেন না ক্রিকেটাররা। মুখিয়ে আছেন তৃতীয় ম্যাচের জন্য।
বাংলাদেশ যতটা নির্ভার, জিম্বাবুয়ে ঠিক ততটাই চাপে। নিজ মাটিতে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরেছে। এবার সিরিজ হাত ছাড়া হলে লজ্জায় মুখ লুকানোই দায় হয়ে পড়বে। সেজন্য স্বাগতিকরা নিঃসন্দেহে ঘুরে দাঁড়াতে আপ্রাণ চেষ্টা করবে।
যদিও সিরিজ বাঁচানোর কাজটি তাদের জন্য খুই কঠিন। কারণ সফরকারী দল ভাল খেললে ম্যাচের ফলাফল তাদের দিকেই যাবে। বাংলাদেশ দল খারাপ খেললেই কেবল সিরিজ বাঁচাতে পারবে জিম্বাবুয়ে। অন্যথায় তাদের খেলতে হবে অসাধারণ ক্রিকেট।
আগের দুই ম্যাচের পারফর্মেন্সের বিবেচনায় ফেবারিটের তকমা স্বাগতিকদের ভাগ্যে জুটবে না। মরা পিচ থেকে বাড়তি সুবিধা আদায় করতে পারেনি জিম্বাবুয়ে। বাংলাদেশি স্পিনারদের দাপটে বিপর্যস্ত হতে হয়েছে। এবারও ব্যতিক্রম হওয়ার কথা নয়।
মার্ক ভার্মুলেন আর শেন উইলিয়ামস ছাড়া স্বাগতিক দলের ব্যাটসম্যানরা বড় স্কোর করার সুযোগ পাননি গত দুই ম্যাচে। বলতে গেলে সব মিলিয়ে বড্ড চাপে আছে জিম্বাবুয়ে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা নিঃসন্দেহে চাপটা আরও বাড়াবে, যা বাংলাদেশের অনুকূলেই যাবে। তবে বোলিং শক্তি বাড়াতে পারে জিম্বাবুয়ে।
বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উরুর পেশীতে টান পড়ায় তৃতীয় ম্যাচে খেলতে পারছেন না পেসার নাজুমুল হোসেন। তার জায়গায় মাঠে নামবেন মাহাবুবুল আলম রবীন। এছাড়া বিশ্রাম দেওয়া হয়েছে উদ্বোধনী ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকীকে। বাকি নয় সদস্য আগের ম্যাচের।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মেহরাব হোসেন জুনিয়র, মোহাম্মদ আশরাফুল, রাকিবুল হাসান, মাহমুদ উল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেট কিপার/সহ-অধিনায়ক), নাঈম ইসলাম, সৈয়দ রাসেল, মাহাবুবুল আলম রবীন।
জিম্বাবুয়ে দল: সম্ভাব্য- হ্যামিলটন মাসাকাজ্জা, মার্ক ভার্মুলেন, চামু চিভাভা, ব্রেন্ডন টেলর (উইকেট কিপার), স্ট্রুয়ার্ট মাতসিকানেরি, শেন উইলিয়ামস, চার্লস কভেন্ট্রি, এলটন চিগুম্বুরা, প্রসপার উতসেয়া (অধিনায়ক), রায় প্রাইস/টাওয়ান্ডা মুপারিয়া, ইডি রেইন্সফোর্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২৪৩ ঘ.
bdnews24