২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ জয় পকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ: আফ্রিদি

টেস্ট ও ওয়ানডে সিরিজ খোয়ালেও টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ জেতার মধ্য দিয়ে দেড় মাসের শ্রীলঙ্কা সফর জয় দিয়েই শেষ করলো পাকিস্তান। এতে অত্যন্ত খুশি অধিনায়ক শহীদ আফ্রিদি। সেকথা চেপেও রাখলেন না। খোলামেলাভাবেই বললেন, জয় পেয়ে অধিনায়ক হিসেবে তিনি খুবই খুশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2009, 01:36 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট ও ওয়ানডে সিরিজ খোয়ালেও টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ জেতার মধ্য দিয়ে দেড় মাসের শ্রীলঙ্কা সফর জয় দিয়েই শেষ করলো পাকিস্তান। এতে অত্যন্ত খুশি অধিনায়ক শহীদ আফ্রিদি। সেকথা চেপেও রাখলেন না। খোলামেলাভাবেই বললেন, জয় পেয়ে অধিনায়ক হিসেবে তিনি খুবই খুশি। "শেষ ভালো যার সব ভালো তার," ম্যাচ সেরার পুরস্কার হাতে নেওয়ার আগে বলেন আফ্রিদি। তিনি বলেন, "জয় পেয়ে অধিনায়ক হিসেবে আমি সত্যিই খুব খুশি। দলের খেলোয়াররাও পাকা ক্রিকেটারের খেলেছেন। আমি তাদের বলেছিলাম, আমরা টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন, তাই আমাদের চ্যাম্পিয়নদের মতোই খেলা উচিত। তারা খেলেছেও সেভাবে।" প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে টেস্ট ও ওয়ানডে সিরিজ খোয়ায় পাকিস্তান এমনিতেই তোপের মুখে রয়েছে। তবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দু'টি ও একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ জিতে কিছুটা হলেও মুখ রক্ষা হয়েছে তাদের। সমালোচনাও কমেছে খানিকটা। আফ্রিদি বলেন, "টেস্ট সিরিজে আমাদের সত্যিই হিমশিম খেতে হয়েছে। ওয়ানডে সিরিজেও ভালো খেলতে পারিনি। তাই এই জয় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে দলের ছেলেদের মনোবল ধরে রাখতে কাজে দিবে।" নিজের খেলা প্রসঙ্গে তিনি বলেন, "আমি আমার স্বভাবজাত খেলা খেলতেই ভালোবাসি। কিন্তু পরিস্থিতি অনুকূল ছিল না। আগেভাগেই বেশ কয়েকটি উইকেট পড়ে যাওয়ায় আমি ধরেই নেই আমাকে উইকেটে থাকতে হবে, যাতে খেলোয়াড়রা আমার ওপর ভর খেলতে পারেন। সচল রাখতে পারেন রানের চাকা।" টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটে তরুণদের সুযোগ করে দেওয়ার পক্ষে আফ্রিদি, "সিনিয়ররা যদি পারফর্ম করতে না পারেন তাহলে তাদের বিশ্রামে পাঠানো উচিত। সুযোগ দেওয়া উচিত তরুণদের, যাতে তারা তাদের প্রতিভা মেলে ধরতে পারেন। যেমনটা ধরেছেন এই ম্যাচে।" শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা বলেন, যে কোনও পরাজয়ই বেদনার। "পাকিস্তান আমাদের চেয়ে অনেক ভালো ব্যাটিং করেছে। বোলিংও করেছে লাইন-লেন্থ বজায় রেখে। শেষ পর্যন্ত তারা ভালো খেলেই জিতেছে," বলেন তিনি। তবে সাঙ্গাকারাও মানছেন আফ্রিদির ব্যাটিংই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৯৪২ ঘ.