ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শহীদ আফ্রিদির অর্ধ শতকের ওপর ভর করে পাকিস্তান রান তুলেছে ৫ উইকেটে ১৭২। জিততে হলে শ্রীলঙ্কাকে করতে হবে ১৭৩ রান।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দিন-রাতের একমাত্র টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে বুধবার টস জিতে পাকিস্তান ব্যাটিং-এ নামে।
শহীদ আফ্রিদি ৫০ রান করেন মাত্র ৩৭ বলে। থিলান থুশারার বলে নুয়ান কুলাসেকারার হাতে ধরা পড়ে বিদায় নেন তিনি। তখন দলের রান ছিল ১৩৯।
উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান নাজির ৩৮ বলে ৪০ রান করে দলীয় ৫৯ রানের মাথায় ড্রেসিং রুমে ফিরে যান। তিনি থুশারার বলে মালিঙ্গার হাতে ধরা পড়েন।
অপর উদ্বোধনী ব্যাটসম্যান কামরান আকমল নুয়ান কুলাসেকারার প্রথম বলেই সরাসরি বোল্ড হন। অফস্টাম্পের ঠিক বাইরে পড়ে বলটি ইনসুইং করে ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে ঢুকে কামরান আকমলের স্ট্যাম্প ভেঙ্গে দেয়।
দলীয় ৩৫ রানের মাথায় ব্যক্তিগত ১৪ রানে মালিঙ্গার বলে বোল্ড হন শোয়েব মালিক। অফ স্ট্যাম্পের বাইরের শর্ট বল মিড-উইকেট দিয়ে মারার চেষ্টা করেন তিনি। কিন্তু বল ব্যাটের ভেতরের দিকে লেগে সরাসরি স্ট্যাম্পে গিয়ে আঘাত হানে।
উমর আকমল ৩১ বলে ৩০ রান করে দলীয় ১২৫ রানের মাথায় বিদায় নেন। ম্যাথিউসের বলে উইকেটের পেছনে কুমার সাঙ্গাকারার হাতে ধরা পড়েন তিনি।
আব্দুল রাজ্জাক অপরাজিত ছিলন ২৫ রানে। খেলেছেন ১৭ বল। অন্য অপরাজিত ব্যাটসম্যান মিসবাহ উল হক করেন ৫ রান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২২২০ ঘ.
bdnews24