ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানী ক্রিকেটারদের সঙ্গে বাজিকরদের যোগসাজসের অভিযোগ প্রায়ই ওঠে। শ্রীলঙ্কা সফরে পাকিস্তানী ক্রিকেটার ও বাজিকররা কলম্বোর একই হোটেলের একই তলায় ছিলেন বলে অভিযোগ উঠেছিল। পাকিস্তানী ক্রিকেট বোর্ড বিষয়টি খতিয়ে দেখারও অনুরোধ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)। কিন্তু অভিযোগ নাকচ করে দিয়েছে আইসিসি।
আইসিসি সোমবার জানায়, তাদের দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের তদন্তে পাকিস্তানী ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় বাজিকরদের জড়িত থাকার কোন তথ্য-প্রমাণ মেলেনি।
আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন, "আইসিসি যে কোন ধরনের দুর্নীতি কঠোরভাবে নিয়ন্ত্রণের পক্ষে। আমরা ক্রিকেটের চেতনা ধরে রাখতেও বদ্ধপরিকর।"
তদন্তে কিছুই ধরা পড়েনি বলে তিনি সন্তোষ প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২৩২৩ ঘ.
bdnews24