২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেডিংলি টেস্টের জন্য সুস্থ ছিলেন ফ্লিনটফ: এজেন্ট

হেডিংলি টেস্টে নিজেকে খেলার উপযুক্ত ঘোষণা করেছিলেন ইংলিশ অলরাউন্ডার এন্ড্রু ফ্লিনটফ। কিন্তু তারপরও ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ফ্লিনটফকে দলে নেননি বলে অভিযোগ করেছেন তার এজেন্ট অ্যান্ড্রু চ্যান্ডলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2009, 03:28 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হেডিংলি টেস্টে নিজেকে খেলার উপযুক্ত ঘোষণা করেছিলেন ইংলিশ অলরাউন্ডার এন্ড্রু ফ্লিনটফ। কিন্তু তারপরও ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ফ্লিনটফকে দলে নেননি বলে অভিযোগ করেছেন তার এজেন্ট অ্যান্ড্রু চ্যান্ডলার। ইংল্যান্ডের একটি প্রত্রিকাকে চ্যান্ডলার বলেন, "বৃহস্পতিবার রাতে ফ্লিনটফকে নিয়ে যা হলো তা কখনই দেখিনি।" "ফ্লিনটফ তাদের জানিয়েছিলেন যে হেডিংলি টেস্টের জন্য তিনি যথেষ্ট সুস্থ। অ্যাজবাস্টনে তৃতীয় টেস্টে তার অবস্থা যেমন ছিল, ঠিক তেমনই বোধ করছেন তিনি। কিন্তু তাকে তারা চায়নি," দাবি করেন তিনি। চ্যান্ডলার বলেন, অবসরের ঘোষণা দেওয়ায় তার মাথায় ছিল ক্যারিয়ারের শেষ টেস্টগুলো খেলা এবং হাঁটুর চোট সারাতে তিনি সম্ভাব্য সব কিছুই করেছিলেন। তবে হেডিংলি টেস্টে ফ্লিনটফকে না খেলানোর পক্ষে যুক্তি তুলে ধরেন জাতীয় নির্বাচক জিওফ মিলার। তিনি বলেন,"আমরা প্রতিদিনই তার চোটের অবস্থা পর্যবেক্ষণ করেছি। আমাদের মনে হয়েছে তাকে না খেলানোই ভালো। কারণ চিকিৎসকের পরামর্শ আমাদের শুনতে হয়েছে।" "ফ্লিনটফ নিজেকে দায়িত্ব পালনের মতো ফিট ভাবতেই পারেন। কিন্তু আমাদের মাথায় ছিল সঠিকভাবে দায়িত্ব পালনের কথা। তার মানে ২০ উইকেট নেওয়ার জন্য কত ওভার বোল করা দরকার," যুক্তি দেন তিনি। প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংও বলেছিলেন, চতুর্থ টেস্টে 'হাফ-ফিট' ফ্লিনটফকে নামানোর মানেই হতো এক ধরনের জুয়া খেলা। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থটি জিতে ১-১ এ সমতা এনেছে অস্ট্রেলিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২১৪৩ ঘ.