২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার সামনে ৩২১ রানের বিশাল টার্গেট

শ্রীলঙ্কার কাছে একদিনের সিরিজ আগেই খুইয়েছে পাকিস্তান। এখন নেমেছে মুখ রক্ষার লড়াইয়ে। উমর আকমলের ঝড়ো শতক এবং ইউনিস খান ও কামরান আকমলের হাফ সেঞ্চুরির ওপর ভর করে পাকিস্তান ৩২১ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2009, 11:57 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার কাছে একদিনের সিরিজ আগেই খুইয়েছে পাকিস্তান। এখন নেমেছে মুখ রক্ষার লড়াইয়ে। উমর আকমলের ঝড়ো শতক এবং ইউনিস খান ও কামরান আকমলের হাফ সেঞ্চুরির ওপর ভর করে পাকিস্তান ৩২১ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার চতুর্থ একদিনের ম্যাচে উমর আকমল ৭২ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন। তিনি তার ইনিংসটি সাজান ৫টি চার ও ৪টি ছক্কা দিয়ে। এটিই একদিনের ক্রিকেটে তার প্রথম শতক। এছাড়া অধিনায়ক ইউনিস খান ১১ রানের জন্য শতক থেকে বঞ্চিত হন। তিনি করেন ৮৯। ১১১ বল খেলে চারটি চার মারেন তিনি। ইনিংসের একেবারে শেষের দিকে (৪৮ ওভার ৫ বল) থিলান থুশারাকে তুলে মারতে গিয়ে কাপুগেদেরার হাতে ধরা পড়ে বিদায় নেন। দলের রান তখন তিন শ'র কোঠা (৩০৬) ছাড়িয়ে গেছে। এর আগে উদ্বোধনী ব্যাটসম্যান উইকেট কিপার কামরান আকমল ৬৪ বলে ৫৭ রান করে মালিঙ্গা বান্দারার বলে বোল্ড হন দলীয় ১০৬ রানের মাথায়। কামরান আকমল আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান নাজিরকে নিয়ে উড়ন্ত সূচনা করেন ইনিংসের। ৫০ পূর্ণ করেন মাত্র ৮ ওভার ২ বলে। ৬১ রানের মাথায় জুটি ভাঙ্গে তাদের। থুশারার বলে বোল্ড হয়ে ফিরে যান ইমরান নাজির। তখন তার ব্যক্তিগত রান ছিল ২৩। বল খেলেছেন ২৯টি। এছাড়া মোহাম্মদ ইউসুফ ৬ ও মিসবাহ উল হক ৯ রান করেন। ২ রানে অপরাজিত ছিলেন শহীদ আফ্রিদী। এর আগে টস জিতে মেঘলা আকাশ সত্বেও ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানী অধিনায়ক ইউনিস খান। আবহাওয়ার পূর্বাভাষে বলা হচ্ছে, সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় রান তাড়া করা শ্রীলঙ্কার জন্য যে কঠিন হয়ে পড়বে তা বেশ ভালভাবেই জানেন ইউনিস। তাই টসে জিতে তার মুখে হাসি ছড়িয়ে পড়ে। দুই দলেই কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। ২০০৭ সালের পর প্রথমবারের মতো দলে ফিরলেন ইমরান নাজির। এছাড়া দলে ঢুকেছেন মোহাম্মদ ইফসুফ, মিসবাহ উল হক ও রাও ইফতেখার আঞ্জুম। দিলহারা ফর্নান্দোর জায়গায় দলে ফিরেছেন লাসিথ মালিঙ্গা। বিশ্রাম দেওয়া হয়েছে নুয়ান কুলাসেকারা ও মুত্তিয়া মুরালিধরনকে। তাদের জায়গায় দলে নেওয়া হয়েছে অজন্তা মেন্ডিস ও মালিঙ্গা বান্দারাকে। শ্রীলঙ্কা এরই মধ্যে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ ৩-০ তে জিতে নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০১৫ ঘ.