২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেডিংলি টেস্ট, প্রথমদিন অস্ট্রেলিয়ার

কথা রেখেছেন অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং। তিনি বলেছিলেন, পিছিয়ে পড়লেই তার দল ভাল খেলে। আক্ষরিক অর্থেই ইংল্যান্ডকে কোণঠাসা করে ফেলেছে অস্ট্রেলিয়া। পেস বোলার পিটার সিডল ও স্টুয়ার্ট ক্লার্কের মারাত্মক বোলিং-এর মুখে অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ১০২ রানে। জবাবে চা বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়া রান তুলেছে এক উইকেটে ৬৯।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2009, 11:21 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কথা রেখেছেন অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং। তিনি বলেছিলেন, পিছিয়ে পড়লেই তার দল ভাল খেলে। আক্ষরিক অর্থেই ইংল্যান্ডকে কোণঠাসা করে ফেলেছে অস্ট্রেলিয়া। পেস বোলার পিটার সিডল ও স্টুয়ার্ট ক্লার্কের মারাত্মক বোলিং-এর মুখে অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ১০২ রানে। জবাবে চা বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়া রান তুলেছে এক উইকেটে ৬৯। ব্যাটিং-এ নেমে ১৩ রানের মাথায় সাইমন ক্যাটিচকে হারালেও রিকি পন্টিং ও শ্যেন ওয়াটসন ৫৫ রানের জুটি গড়ে তুললে প্রথমদিনের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় অসিদের হাতে। পন্টিং ৩৯ ও ওয়াটসন ২৪ রানে অপরাজিত আছেন। সাইমন ক্যাটিচ দলীয় ১৪ রানের মাথায় হার্মিসনের বলে রবি বোপারার হাতে ধরা পড়েন। রানের খাতাই খুলতে পারেননি তিনি। হেডিংলিতে শুক্রবার টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। কিন্তু তিনি নিজেই মাত্র ১৭ বলের বেশি খেলতে পারেননি। অসি পেসারদের সুইং বোলিং মোকাবেলা করতে না পেরে একে একে বিদায় নেন রবি বোপারা, ইয়ান বেল, পল কলিংউড, অ্যালিস্টার কুক ও স্টুয়ার্ট ব্রডসহ সবাই। সিডল পাঁচ ও ক্লার্ক ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং-এ ধস নামান। ম্যাচের প্রথম বলেই এলবিডব্লিউ-এর জোরালো আবেদন থেকে রক্ষা পান স্ট্রাউস। বলটি করেছিলেন বেন হিলফেনহস। কিন্তু ব্যক্তিগত তিন রানের মাথায় পিটার সিডলের বলে থার্ড স্লিপে ধরা পড়েন মার্কাস নর্থের হাতে। এক হাতেই ক্যাচটি লুফে নেন তিনি অত্যন্ত দর্শনীয় ভঙ্গীতে। ব্যক্তিগত ১ রানে বোপারা হিলফেনহসের বলে গালিতে মাইকেল হাসির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। বেলও মিচেল জনসনের সর্ট বল এড়াতে গিয়েও পারেননি। গ্লাভস ছুঁয়ে বল চলে যায় উইকেট কিপার হ্যাডিনের হাতে। এই পরিস্থিতিতে দল কলিংউডের কাছে যেমন ব্যাটিং আশা করেছিল তেমনটা তিনি করতে পারেননি। স্টুয়ার্ট ক্লার্কের আউটসুইং বল তার ব্যাট ছুঁয়ে জমা পড়ে সেকেন্ড স্লিপে রিকি পন্টিং-এর হাতে। রানের খাতাই খুলতে পারেননি তিনি। কুক ৩০ রান করে কিছুট প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। কিন্তু তা ভেঙ্গে পড়ে মধ্যাহ্ন বিরতির ঠিক আগে। ক্লার্কের বলে ফার্স্ট স্লিপে মিচেল ক্লার্কের হাতে ধরা পড়েন তিনি। বেশ কয়েকটি বাজে শট খেললেও বেঁচে যান ম্যাট প্রায়র। তবে রক্ষা পাননি ব্রড। ব্যক্তিগত তিন রানের মাথায় ক্লার্কের বলে সর্ট মিড-উইকেটে ধরা পড়েন সাইমন ক্যাটিচের হাতে। এরপর আর কোন ব্যাটসম্যান দাঁড়াতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন প্রায়র। তিনি ৩৭ রানে অপরাজিত ছিলেন। হাঁটুতে চোট পাওয়ায় ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ মাঠের বাইরে রয়েছেন। প্রস্তুতির অংশ হিসেবে ফুটবল খেলার সময় পিঠে ব্যাথা পান উইকেট কিপার প্রায়রও। চিকিৎসা শেষে খেলার উপযুক্ত মনে হওয়ায় তাকে মাঠে নামানো হয়েছে। ফ্লিনটফের জায়গায় দলে এসেছেন ফাস্ট বোলার স্টিভ হার্মিসন। অস্ট্রেলিয়া চার পেসার নিয়ে মাঠে নেমেছে। স্পিনার নাথান হরিৎজের জায়গায় দলে নেওয়া হয় ক্লার্ককে। ইংল্যান্ড দল: অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), অ্যালিস্টার কুক, রবি বোপারা, ইয়ান বেল, পল কলিংউড, ম্যাট প্রায়র, স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান, স্টিভ হার্মিসন, জেমস অ্যান্ডারসন, গ্রাহাম অনিয়ন্স। অস্ট্রেলিয়া দল: রিকি পন্টিং (অধিনায়ক), শ্যেন ওয়াটসন, সাইমন ক্যাটিচ, মাইকেল হাসি, মাইকেল ক্লার্ক, মার্কাস নর্থ, ব্রাড হ্যাডিন, মিচেল জনসন, পিটার সিডল, বেন হিলফেনহস, স্টুয়ার্ট ক্লার্ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২৩০৪ ঘ.