ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাঁটুর চিকিৎসা নিতে বুধবার মধ্যরাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তাজা। সঙ্গে যাচ্ছেন স্ত্রী সুমনা সুমি।
অস্ট্রেলীয় চিকিৎসক ডেভিড ইয়াং তার চিকিৎসা করবেন। এর আগে তিনবার মাশরাফির ডান হাঁটুতে অপারেশন করেছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক।
স্ক্যান রিপোর্ট অনুযায়ী, মাশরাফির হাঁটুর তরুণাস্থি ফেটে গেছে। তবে লিগামেন্ট ছিঁড়ে গেছে কি না রিপোর্ট দেখে তা নিশ্চিত হতে পারেননি ডেভিড ইয়াং। তাই নিজেই হাঁটু পরীক্ষা করে দেখতে চান।
ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টের তৃতীয় দিন বল করার সময় ডান হাঁটুতে চোট পান অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা। এরপর আর মাঠে নামা হয়নি তার।
অসুস্থ অবস্থায় ২৪ জুলাই দেশে ফেরেন তিনি।
মাশরাফির ধারণা হাঁটুর যে অবস্থা তাতে লিগামেন্ট না ছিঁড়লেও বড় ধরণের টান ধরেছে। তিনি বলেন,"এমন পরিস্থিতিতে অপারেশনের সিদ্ধান্ত নিতে পারেন চিকিৎসক।"
অপারেশন করতে হলে প্রায় আট মাস কিংবা তারচেয়ে বেশি সময় ক্রিকেটের বাহিরে থাকতে হতে পারে জাতীয় দলের পেসার মাশরাফিকে।
এর আগে প্রতিবার অপারেশনের পর এক বছর বা কিছুটা কম সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব হয়নি বাংলাদেশের এই পেসারের পক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৮৩৯ ঘ.
bdnews24