বার্মিংহাম, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলৌকিক কোন কিছু না ঘটলে নিশ্চিত ড্র-এর দিকে এগুচ্ছে অ্যাজবাস্টন টেস্ট। মধ্যাহ্ন বিরতির পর আর কোন অঘটন ঘটেনি। চা-বিরতি পর্যন্ত পতন ঘটেনি কোন উইকেটেরও। এরই মধ্যে অস্ট্রেলিয়া রান তুলেছে ২৯৩। উইকেট হারিয়েছে চারটি।
অ্যাসেজ সিরিজের তৃতীয় টেস্টের পঞ্চমদিনে সোমবার মাইকেল ক্লার্ক ৭৩ রানে অপরাজিত রয়েছেন। তাকে সঙ্গ দিচ্ছেন মার্কাস নর্থ। ৬৪ রানে অপরাজিত রয়েছেন তিনি।
এই দুই ব্যাটসম্যানের ১৩২ রানের জুটি অষ্ট্রেলিয়াকে নিয়ে গেছে অনেকটা নিরাপদ স্থানে। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের চেয়ে এখন এগিয়ে আছে ১৮০ রানে।
এর আগে সকালের সেশনে জেমস অ্যান্ডারসনের বল শ্যেন ওয়াটসনের ব্যাট ছুঁয়ে জমা পড়ে উইকেট কিপার ম্যাট প্রায়রের গ্লাভসে। ওয়াটসন করেন ৫৩ রান। তখন দলীয় রান ছিল ১৩৭।
মাইকেল হাসিও ফিরে যান দলীয় ১৬১ রানের মাথায়। স্টুয়ার্ট ব্রডের বল তার ব্যাটের কোণা ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে প্রায়রের হাতে। সে সময় জয়ের পাল্লা একটু হেলেই ছিল ইংল্যান্ডের দিকে।
মধ্যাহ্ন বিরতির সময় অস্ট্রেলিয়ার রান ছিল ৪ উইকেটে ১৭২।
পাঁচ টেস্টের অ্যাসেজ সিরিজে ইংল্যান্ড ১-০তে এগিয়ে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২৩১৫ ঘ.
bdnews24