ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্লেচারের হাফ সেঞ্চুরির ওপর ভর করে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯.৫ ওভারে রান তুলেছে ৯৫।
মাত্র ১০ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। কিন্তু ুুফ্লেচার ৪২ বলে ৫২ রান তুলে উল্টো চাপে ফেলে দেন বাংলাদেশী বোলারদের। তিনি তার ইনিংসটি সাজান ৮ চার ও ৩ ছক্কা দিয়ে।
বর্তমানে ব্যাট করছেন ডাউলিন ২৭ রান নিয়ে। অধিনায়ক ফ্লয়েড রেইফার ২ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে উদ্বোধনী ওভারের দ্বিতীয় বলেই পাওয়েলকে হারায় স্বাগতিক দল।
শুক্রবার সিরিজের শেষ ওয়ানডেতে খেলার সুযোগ পেয়ে প্রথম বল ওয়াইড করলেও দ্বিতীয় বলেই পাওয়েলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মাহবুবুল আলম রবীন।
প্রথম উইকেট পতনের পর তিন নম্বরে ব্যাট করতে এসে সামিও বেশিক্ষণ উইকেট আগলে রাখতে পারেননি। আরেক পেসার নাজমুলের বলে সরাসরি বোল্ড হন। তখন ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ১০।
মাশরাফির বিকল্প হিসেবে নাজমুলকে বাংলাদেশ দলে নেওয়া হলেও খেলার সুযোগ পেয়েছেন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে।
বলতে গেলে সিরিজের প্রথম দুই ম্যাচে রুবেল আর সৈয়দ রাসেল যা করতে পারেননি তাদের জায়গায় খেলতে নেমে নাজমুল ও রবীন শুরুতেই তা করেছেন।
জিম্বাবুইয়ে সিরিজের আগে এই দুই পেসারের পরীক্ষাও হয়ে যাবে এই ম্যাচ দিয়ে।
এর আগে মান বাঁচানোর ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ফ্লয়েড রেইফার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২১১ ঘ.
bdnews24