ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ানডে ক্রিকেটের ছোট শক্তি জিম্বাবুয়ে, কেনিয়া ও আয়ারল্যান্ডকে বেশ কয়েকবারই হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। কিন্তু কোন টেস্ট দলের সঙ্গে সে সাফল্য দূরের কথা, সিরিজ জেতারই সুযোগ হয়নি এতদিন।
টেস্টে হোয়াইট ওয়াশের পর টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইণ্ডিজকে ওয়ানডেতেও সেই হারের লজ্জায় ফেলার সম্ভাবনা এখন টাইগারদের সামনে। সফরকারীরা ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ জিতলেই হোয়াইটওয়াশ হবে ওয়েস্ট ইন্ডিজ।
শুক্রবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।
ক্রিকেটের এক সময়ের পরাশক্তি ক্যারিবীয়দের মাটিতে ফেবারিটের তকমা লাগিয়ে সিরিজের সফল সমাপ্তি টানার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। বলাবাহুল্য, সাফল্যের ধারাবাহিকতায় উজ্জীবিত ক্রিকেটাররা।
বলতে গেলে আবহাওয়া জনিত কোন সমস্যা ছাড়া বাংলাদেশের সাফল্যে বাঁধা হওয়ার মতো অবস্থায় নেই ওয়েস্ট ইন্ডিজের বর্তমান দলটি। সিরিজ হেরে যার প্রমাণ এরই মধ্যে দিয়েছে স্বাগতিক দল। অন্যদিকে টেস্টের পর ওয়ানডে সিরিজ জিতে সফরে নিজেদের সেরা সময় কাটাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
প্রবল আত্মপ্রত্যয়ে সিরিজ শুরুর আগে অধিনায়ক সাকিব আল হাসান ঘোষণা দিয়েছিলেন সবগুলো ম্যাচই জিততে চায় তার দল। সত্যিই তাই হলে আর কী! আবার সেই হোয়াইটওয়াশ!
সেন্ট কিটস থেকে টেলিফোনে বৃহস্পতিবার বাংলাদেশ দলের ম্যানেজার শফিকুল হক হিরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, দলের সবাই সুস্থ আছেন। সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগের দিন অনুশীলনও করেছেন ক্রিকেটাররা।
সিরিজ হারায় ওয়েস্ট ইন্ডিজের জন্য শেষ ম্যাচটি মান রক্ষার শেষ সুযোগ। যদিও কাজটি মোটেও সহজ হবে না। এমনিতেই বাংলাদেশের স্পিনের বিপক্ষে সুবিধা করতে পারছে না স্বাগতিকরা। আগের ম্যাচগুলোতে বাংলাদেশের ব্যাটসম্যানদের কুপোকাত করার মত আহামরি পেস আক্রমণও করতে পারেনি তারা। তার ওপর পেসার নিলন পাসকেলকে হারাচ্ছে অসুস্থতার কারণে। হাতের আঙ্গুলের চোট নিয়ে একাদশ থেকে ছিটকে পড়েছেন নিলন।
সম্ভাব্য ওয়েস্ট ইন্ডিজ দল: ফ্লয়েড রেইফার (অধিনায়ক), ড্যারেন সামি, ডেভিড বার্নার্ড, ট্রাভিস ডাউলিন, আন্দ্রে ফ্লেচার, রাউল লুইস, নিকিতা মিলার, কেইরান পাওয়েল, ডালে রিচার্ডস, কেমার রোচ, ডেভন স্মিথ, গাভিন টঙ্গে।
সম্ভাব্য বাংলাদেশ দল: তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান (অধিনায়ক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাঈম ইসলাম, আব্দুর রাজ্জাক, সৈয়দ রাসেল ও রুবেল হোসেন।
বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২৩২১ঘ.
bdnews24