ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বল টেম্পারিং-এর প্রশংসা করে একে বৈধতা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন সাবেক প্রোটিয়াস ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড। কিন্তু সাবেক পাকিস্তানী পেসার ওয়াসিম আকরাম তার সঙ্গে একমত হতে পারেননি। তিনি মনে করেন টেম্পারিং করেও বাড়তি কোন সুবিধা আদায় করতে পারবেন না বোলাররা।
ইএসপিএন ডোটকমকে ওয়াসিম আকরাম বলেন," আমি জানি না ডোনাল্ড কি ভাবছেন। কিন্তু তিনি কখনই রিভার্স স্যুইং করেননি। এজন্যই মনে হয় তিনি এভাবে কথা বলেছেন।"
আকরাম ডোনাল্ডের সঙ্গে দ্বিমত প্রকাশ করে বলেন, "আমি তার সঙ্গে আদৌ একমত নই। ফ্ল্যাট উইকেটে শেষ দিকে বল রিভার্স স্যুইং করে। তাই বল টেম্পারিংয়ের বৈধতা নিয়ে ডোনাল্ড যাই বলুন না কেন, তাতে কিছুই যায় আসে না। বল আসলে বোলারের কারুকাজে রিভার্স স্যুইং করে। তাই টেম্পারিং আক্ষরিক অর্থেই কোনও পার্থক্যের সৃষ্টি করে না।"
রিভার্স স্যুইং করার ক্ষেত্রে ওয়াসিম আকরাম এক সময় ছিলেন বিশ্বের প্রথম সারির একজন। তিনি বলেন, বল টেম্পারিং করে বোলাররা খুব একটা সুবিধা আদায় করতে পারেন না। আমি মনে করি না, নতুন বলে রিভার্স স্যুইং করা সম্ভব। এজন্য বলকে অন্তত ২৫/৩০ ওভারের পুরনো হতে হবে। শুরু থেকেই রিভার্স স্যুইং করার বিষয়টি কৌতুক ছাড়া আর কিছুই নয়।"
অ্যালান ডোনাল্ডের সমসাময়িক আরেক ফাস্ট বোলার ভারতীয় পেসার জাভাগাল শ্রীনাথ বল টেম্পারিংয়ের বৈধতার দেওয়ার আহ্বানের বিরোধিতা করে হিন্দুকে বলেছেন, " ক্রিকেটের নিয়ম-কানুনে টেম্পারিং একটা অপরাধ। তাই কোনভাবেই বিষয়টিকে সমর্থন করা উচিত নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/২০১২ ঘ.
bdnews24