ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ ক্রিকেট দল যাই করেছে তার সবই রেকর্ড। বিদেশে প্রথম টেস্ট জয়। এরপর ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেওয়া। সর্বশেষ একদিনের ম্যাচ জয়টিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম সাফল্য। রেকর্ডের ডালা আরও সমৃদ্ধ করতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।
জিতলেই দেশের বাইরে কোন টেস্ট দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের অভিজ্ঞতা অর্জন করবে বাংলাদেশ। সাকিবের নেতৃত্বে টেস্টের পর ওয়ানডে সিরিজটিও নিজেদের করে নিতে ক্রিকেটাররা যে মুখিয়ে আছেন তা বলার অপেক্ষা রাখে না।
এ পর্যন্ত যা ঘটেছে তার সব কিছুই এসেছে বাংলাদেশের অনুকূলে। প্রথম ম্যাচ জিতে মানসিকভাবে এগিয়ে আছে সফরকারীরা।
বাংলাদেশ যদি থাকে মূদ্রার এক পিঠে, ওয়েস্ট ইন্ডিজ রয়েছে তার ঠিক উল্টো পিঠে। তাই সিরিজে পিছিয়ে থেকে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে স্বাগতিকরা। কোচ জন ডাইসনের পরামর্শে কিউরেটর পেস উইকেট বানালেও বাড়তি কোন সুবিধা আদায় করে নিতে পারেননি উইন্ডিজ পেসাররা। উল্টো বাংলাদেশের স্পিনাররাই আধিপত্য বিস্তার করেছে স্বাগতিক ব্যাটসম্যানদের ওপর। ধারাবাহিকভাবেই যথেষ্ট ভাল করছে তারা। এ ম্যাচেও তার ব্যতিক্রম হওয়ার কথা নয়।
ব্যাটিং নিয়েও সমস্যায় আছে স্বাগতিক দল। উইন্ডিজ অধিনায়ক ফ্লয়েড রেইফার প্রথম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টপঅর্ডার ব্যটসম্যানদের ব্যর্থতাকে প্রধান সমস্যা হিসেবে তুলে ধরেছেন। সবকিছু বিবেচনায় নিলে ফেবারিটের তকমাটা বাংলাদেশের গায়েই লেগে যাচ্ছে।
সামর্থের বিবেচনায় বাংলাদেশের ভান্ডার সমৃদ্ধ হয়ে আছে স্পিনারে। প্রায় আটমাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই প্রথম ওয়ানডেতে দারুণ বোলিং করেছেন বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ইনিংসে চার উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে। এছাড়া স্পিন অল-রাউন্ডার নাঈম ইসলাম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসানও দুর্দান্ত ফর্মে আছেন।
বাংলাদেশের টপ-অর্ডার ব্যাটসম্যানরাও আছেন রানের মধ্যে। ওয়েস্ট ইন্ডিজের জন্য যা সত্যিই ভয়ের কারণ।
পেস বোলারদের ওপর নির্ভর করলেও ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ আর সামি ছাড়া অন্যরা খুব একটা সুবিধা করতে পারছেন না। নিশ্চয়ই এ সুযোগগুলো কাজে লাগাতে চেষ্টা করবে বাংলাদেশ।
একথা অনুমান করে নেওয়া যায় যে বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশই দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে। তবে ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন আনলেও আনতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩০০ ঘ.
bdnews24