ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাঁটুর চোট নিয়ে প্রায় আট মাস ক্রিকেটের বাইরে থাকতে হতে পারে জাতীয় দলের পেসার মাশরাফিকে।
ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টের তৃতীয় দিন বল করার সময় ডান হাঁটুতে চোট পান অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা। এরপর আর খেলা হয়নি তার। অসুস্থ শরীর নিয়ে শুক্রবার দেশে ফিরে এসেছেন তিনি।
শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাশরাফি বলেন,"অপারেশন করাতে হলে কম পক্ষে আট মাস মাঠে ফেরা হবে না।"
এর আগেও লিগামেন্টের সমস্যায় তিনবার একই হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয় মাশরাফিকে। প্রতিবারই প্রায় এক বছর বা তার কাছাকাছি সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব হয়নি তার পক্ষে।
স্ক্যানের রিপোর্ট অনুযায়ী মাশরাফির হাঁটুর তরুণাস্থি ফেটে গেছে। তবে লিগামেন্ট ছিঁড়েছে কি না স্ক্যান রিপোর্ট দেখে এ বিষয়ে নিশ্চিত হতে পারেননি মাশরাফির অস্ট্রেলীয় চিকিৎসক ডেভিড ইয়ানিকোলাসো। তাই নিজেই হাঁটু পরীক্ষা করে দেখতে চান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও মাশরাফিকে অস্ট্রেলিয়ায় পাঠানোর প্রক্রিয়া চলছে।
মাশরাফির ধারণা, হাঁটুর যে অবস্থা তাতে লিগামেন্ট না ছিঁড়লেও বড় ধরণের টান পড়েছে। তার মতে,"এমন পরিস্থিতিতে অপারেশনের সিদ্ধান্ত নিতে পারেন চিকিৎসক।"
হাঁটুতে অস্ত্রোপচার কিংবা অন্য যাই হোক না কেন শিগগিরই মাঠে ফিরতে চান মাশরাফি। বলেন,"লড়াইটা আমার শরীরের সঙ্গে। যত তাড়াতাড়ি সুস্থ হওয়া যায় চিকিৎসকের কাছে সে পরামর্শই চাইবো।"
মাশরাফি ছাড়া জাতীয় দলের পেস বোলিং বিভাগটা বেশ দুর্বল। আগামী আন্তর্জাতিক সিরিজে তার অভাব হয়তো ভালই টের পাবে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২২২৭ঘ.
bdnews24