ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ানডে ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়ে টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন লঙ্কান পেসার চামিন্দা ভাস। শুক্রবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলে বিদায় নেন সিংহলিজ এই পেসার।
১১১ টেস্ট খেলে ৩৫৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কান পেস বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন ৩৫ বছরের ভাস। টেস্টে তিনি রান করেছেন ৩০৮৯। এছাড়া একটি শতক ও ১৩টি অর্ধশতকও রয়েছে।
বিদায় বেলায় আবেগাপ্লুত হয়ে পড়েন ভাস। বলেন,"আমার জন্য বিদায়টা খুবই আবেগঘন মুহূর্ত। ১৬ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে দলকে নিজের সেরাটা উজাড় করে দিয়েছি।"
নবীনদের স্বাগত জানিয়ে তিনি বলেন,"আমি খুব প্রতিভাবান ক্রিকেটার নই। কিন্তু কঠোর পরিশ্রম করে সাফল্য পেতে চেষ্টা করেছি।"
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও একদিনের এবং টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরার স্বপ্ন দেখছেন লঙ্কান এই পেসার। যদিও গত ১১ মাসে খুব বেশি একদিনের ক্রিকেট খেলার সুযোগ হয়নি তার। তবে সাধনা করে ফিরে পেতে চান নিজের জায়গাটি।
৩২২টি একদিনের ম্যাচ খেলে ৪০০ উইকেট শিকার করেছেন ভাস। রান করেছেন ২০২৫। এই পরিসংখ্যানকে আরও একটু সমৃদ্ধ করে নিতে চান চামিন্দা ভাস।
তবে তরুণদের ভিড়ে তা কতটা সম্ভব তা বলা মুশকিল।
(তথ্য রয়াটার্স ও ক্রিকইনফো থেকে)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২৪৫ ঘ.
bdnews24