ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলংকায় টেস্ট জেতা হলো না পাকিস্তানের। তবে শেষ টেস্ট ড্র করে হোয়াইটওয়াশের হাত থেকে রক্ষা পেয়েছে।
শ্রীলংকা জয় থেকে ১০১ রান দূরে থেকে শুক্রবার তৃতীয় টেস্টের পঞ্চমদিন পার করে দিলে ড্র হয় ম্যাচ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিক দলের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩৯১ রান। দ্বিতীয় ইনিংসে শ্রীলংকাকে ৪৯২ রানের লক্ষ্য বেঁধে দিয়েছিল পাকিস্তান।
শেষ টেস্ট ড্র হওয়ায় ২-০ তে সিরিজ জিতলো শ্রীলংকা।
দ্বিতীয় ইনিংসে আগের দিনের (বৃহস্পতিবার) ৩ উইকেটে ১৮৩ রান নিয়ে ব্যাট করতে নামেন অপরাজিত ব্যাটসম্যান সাঙ্গাকারা ও সামারাবিরা। আরও ৯৪ রান যোগ করে আলাদা হয় চতুর্থ জুটি। ব্যাক্তিগত ৭৩ রানে সাঈদ আজমলের বলে ক্যাচ দেন সামারাবিরা।
ইনিংসের বাকি অংশের রূপকার অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও ম্যাথিউস। সফরকারী দলের পেস কিংবা স্পিন কোন কিছুকেই তোয়াক্কা করেনি এই জুটি।
সাঙ্গাকারা ১৯ তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে শেষপর্যন্ত অপরাজিত থাকেন ১৩০ রানে। আরেক অপরাজিত ব্যাটসম্যান ম্যাথিউসের ব্যাট থেকে আসে ৬৪ রান।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলংকা: ২৩৩ ও ৩৯১/৪ (প্রথম ইনিংস-মাহেলা জয়াবর্ধনে ৭৯, সাঙ্গাকারা ৪৫, দানিশ কানেরিয়া ৬২/৫, সাঈদ আজমল ৭০/৩, দ্বিতীয় ইনিংস-সাঙ্গাকারা ১৩০, পারানাভিতানা ৭৩, সামারাবিরা ৭৩, ম্যাথিউস ৬৪)
পাকিস্তান: ২৯৯ ও ৪২৫/৯ ডি (প্রথম ইনিংস-খুররম মঞ্জুর ৯৩, মোহাম্মদ ইউসুফ ৯০ ও শোয়েব মালিক ৪৫, থুশারা ৮৩/৫, কুলাসেকারা ৪৭/৩, দ্বিতীয় ইনিংস- শোয়েব মালিক ১৩৪, কামরান আকমল ৭৪, মিজবাউল হক ৬৫, রঙ্গনা হেরাথ ১৫৭/৫)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১৫৯ ঘ.
bdnews24