মিয়ামি (যুক্তরাষ্ট্র), জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চুক্তি জটিলতার অবসানের আভাস দেখে ধর্মঘট ভেঙেছেন ক্রিস গেইলসহ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের মূল খেলোয়াড়রা। ফলে বাংলাদেশের বিপক্ষে আগামী রোববার থেকে শুরু হওয়া ওয়ান ডে সিরিজে তাদের মাঠে নামার সম্ভাবনা দেখা দিয়েছে।
চুক্তি জটিলতার কারণে বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ বর্জন করে গেইলের নেতৃত্বে উইন্ডিজ খেলোয়াড়রা। মূল খেলোয়াড়দের রাজি করাতে ব্যর্থ হয়ে অন্য ক্রিকেটারদের নিয়ে দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
দুই টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয় উইন্ডিজ।
ধর্মঘটী খেলোয়াড়দের সংগঠন ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন এবং ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার আলোচনায় বসেন গায়ানার প্রেসিডেন্ট ভারত জাগদেও।
জাগদেও এর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, মধ্যস্থতাকারীর মাধ্যমে বিরোধ অবসানে দুই পক্ষ একমত হয়েছে। এক্ষেত্রে মধ্যস্ততাকারীর ভূমিকা পালন করবেন কমনওয়েলথের সাবেক মহাসচিব স্যার শরিদাথ র্যাম্ফল।
এর মধ্য দিয়ে খেলোয়াড়রা বাংলাদেশ সিরিজ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এলো বলে বিবৃতিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৩১৮ ঘ.
bdnews24