মাগুরা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাকিব আল হাসানের নেতৃত্বে বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জয়ে তার বাবা-মা বলেছেন, এ জয় কোন একজনের কৃতিত্বে আসেনি। বরং দলের সব ক্রিকেটারের অক্লান্ত পরিশ্রম, অদম্য মনোবল ও দেশপ্রেমের কারণেই এসেছে।
শহরের কেশব মোড়ে সাকিবদের নিজ বাড়িতে সোমবার রাত জেগে খেলা দেখেছেন তার মা শিরিন রেজা ও ছোট বোন জান্নাতুল ফেরদৌস রিতু। তবে বাবা মাগুরার সাবেক কৃতি ফুটবলার মাসরুর রেজা খেলার উত্তেজনাকর মুহূর্তগুলো সইতে না পেরে টেলিভিশন সেটের সামনে বসে থাকতে পারেননি বলে তারা জানান।
খেলার পরপরই সাকিবের সঙ্গে মোবাইল সেটে কথা বলেছেন মা-বাবা দু'জনেই ।
শিরিন রেজা ও রিতু জানান, জয়ের পর বাবা-মা দু'জনই নফল নামাজ আদায় করেছেন। দোয়া করেছেন সাকিবসহ দলের সব ক্রিকেটারের জন্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাগুরা প্রতিনিধি অলোক বোস দুপুরে সাকিবের মা-বাবার প্রতিক্রিয়া জানতে তার বাড়িতে গিয়ে দেখেন সাকিবের ছোটবেলার ক্রিকেট-গুরু মাগুরা ক্রিকেট একাডেমির কোচ সাদ্দাম হোসনে গোর্কিকে মিষ্টিমুখ করানো হচ্ছে।
এ সময় সাদ্দাম হোসেন তার প্রতিক্রিয়ায় বলেন, "আমি এখন বিশ্বের সবচেয়ে সুখী মানুষের একজন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৯৩৯ ঘ.
bdnews24