ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড় সমান টার্গেট। জিততে হলে অস্ট্রেলিয়াকে করতে হবে ৫২২ রান। এদিকে হাতে সময় থাকলেও উইকেট আগলে রাখা সম্ভব হচ্ছে না সফরকারীদের পক্ষে।
রোববার চা বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৭৮ রান।
আগের দিনের (শনিবার) ৬ উইকেটে ৩১১ রান নিয়ে দ্বিতীয় ইনিংসে ইস্তফা দেয় ইংল্যান্ড। প্রথম ইনিংসের ২১০ রান মিলিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫২১।
এই বিশাল সংগ্রহের পর দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন সকালে ব্যাটিংয়ে না নেমে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় স্বাগতিক দল।
ব্যাট করতে নেমে ইংলিশ পেসারদের তোপের মুখে শুরু থেকেই খোঁড়াতে থাকে পন্টিংয়ের দল।
লর্ডসের ভেজা উইকেটে দপ করে জ্বলে ওঠেন ঝানু ইংলিশ বোলিং অল-রাউন্ডার ফ্লিনটফ। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই সায়মন ক্যাটিচকে ফিরিয়ে দেন ক্যাচ বানিয়ে। দলীয় ১৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।
এরপরই যেন সার বেধে ব্যর্থতার রথে চাপতে থাকেন দলের গুরুত্বপূর্ণ আরো তিন ব্যাটসম্যান। ওপেনার হাগস স্লিপে স্ট্রাউসের তালু বন্দি হন ফ্লিনটফের বলে। অধিনায়ক রিকি পন্টিং ব্রডের কাছে সরাসরি বোল্ড। যাবার আগে তার সঞ্চয় ৩৮ রান।
অভিজ্ঞ ফ্লিনটফের উইকেট শিকার দেখে স্থির থাকতে পারেননি সোয়ান। পরপর তুলে নেন দু'টি উইকেট। তার শিকার হন মাইক হাসি (২৭) ও নর্থ। অস্ট্রেলিয়ার সংগ্রহ তখন ৫ উইকেটে ১২৮ রান।
উইকেট পতনের গতি দেখে শংকা জাগে প্রথম ইনিংসের পুনরাবৃত্তি করে না বসে অস্ট্রেলিয়া। দলের এমন বিপদে মাইকেল ক্লার্ক আর হাডিন যেন কাণ্ডারী ভূমিকায় ব্যাট করে যান। ইংলিশ বোলারদের দাপট থামিয়ে এগিয়ে নেন রান। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে অপরাজিত ছিল এই জুটি।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ৪২৫ ও ৩১১/৬ডি, অস্ট্রেলিয়া ২১৫ ও ১৭৮/৫
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২৩৫৬ঘ.
bdnews24