২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'শৃঙ্খলার অভাবেই টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতা'

ক্রিকেটারদের শৃঙ্খলার অভাবেই টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। রোববার সংসদীয় কমিটির সামনে বিসিবির কর্মকর্তারা এ যুক্তিই তুলে ধরেন। আর সংসদীয় কমিটি ভবিষ্যতে যেন এর পুনরাবৃত্তি না হয় সে জন্য দলের শৃঙ্খলার দিকে বিশেষ নজর রাখতে বিসিবিকে পরামর্শ দিয়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2009, 03:56 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিকেটারদের শৃঙ্খলার অভাবেই টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। রোববার সংসদীয় কমিটির সামনে বিসিবির কর্মকর্তারা এ যুক্তিই তুলে ধরেন। আর সংসদীয় কমিটি ভবিষ্যতে যেন এর পুনরাবৃত্তি না হয় সে জন্য দলের শৃঙ্খলার দিকে বিশেষ নজর রাখতে বিসিবিকে পরামর্শ দিয়েছে । জুনে যুক্তরাজ্যে অনুষ্ঠিত টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য ছিলো দ্বিতীয় রাউন্ডে খেলা। কিন্তু প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর গ্র"পের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের কাছেও হেরে যায় বাংলাদেশ। আয়ারল্যান্ডের কাছে পরাজয়ে সমালোচনার ঝড় ওঠে। ব্যর্থতার কারণ খুঁজে দেখতে বিসিবিকে নির্দেশ দেয় সংসদীয় কমিটি। "আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন ক্রিকেটাররা নিজের ইচ্ছে মত ঘুরে বেড়িয়েছে। বেশ কয়েকজন ক্রিকেটার অনেক রাত পর্যন্ত হোটেলের বাইরে ছিলো। অথচ টিম ম্যানেজমেন্ট এগুলো খেয়াল করেনি," বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন সংসদীয় কমিটির প্রধান জাহিদ আহসান রাসেল। ভবিষ্যতে ক্রিকেটাররা খেলার আগের দিন যাতে এক সঙ্গে থাকেন এবং কর্মকর্তাদের পরামর্শ মেনে চলেন বিসিবিকে সে দিকে গুরুত্ব দিতে বলেছে সংসদীয় কমিটি। কর্মকর্তাদেরও ক্রিকেটারদের দিকে মনোযোগী হতে পরামর্শ দেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট জেতায় ক্রিকেটারদের অবশ্য অভিনন্দনও জানিয়েছেন তারা। বিসিবির পক্ষে সংসদীয় কমিটির সভায় যোগ দেন সভাপতি লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালী, ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ ও পরিচালক দেওয়ান শফিউল আরেফিন টুটুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২২০৪ঘ.