২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুল্লাহ ম্যাচে ফেরালো বাংলাদেশকে

দুই উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা থামিয়ে দিলেন অফ স্পিনার মাহমুদুল্লাহ রিয়াদ। ২৩তম ওভারে রিচার্ডস ও হাইন্ডসকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে ম্যাচেও ফিরিয়ে আনেন তিনি। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ রান তোলে ৩ উইকেটে ১০৭।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2009, 05:19 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা থামিয়ে দিলেন অফ স্পিনার মাহমুদুল্লাহ রিয়াদ। ২৩তম ওভারে রিচার্ডস ও হাইন্ডসকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে ম্যাচেও ফিরিয়ে আনেন তিনি। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ রান তোলে ৩ উইকেটে ১০৭। এর আগে গ্রেনাডার ন্যাশনাল স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় টেস্টে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। ঘাসের ওপর হালকা রোল করার পরও পিচে স্যাঁতস্যাঁতে ভাব থাকায় টস জিতে ফিল্ডিং নিতে দু'বার ভাবতে হয়নি সাকিবকে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতে তেমন সুবিধা করতে পারছিলো না বাংলাদেশ। দুই পেসার শাহাদত আর রুবেলের লাইন লেনথ যথাযথ না হওয়ায় অনেকটা ওয়ানডে আদলেই ব্যাট করে স্বাগতিক দলের দুই ওপেনার ডেল রিচার্ডস ও ওমার ফিলিপস। প্রথম ৫ ওভারে বিনা উইকেটে ৩০ রান তুলে সফরকারীদের চাপে ফেলে দেয়। পেসাররা যখন রান নিয়ন্ত্রণে রাখতে পারছিলেন না, তখন বাধ্য হয়েই স্পিনারদের ডাকতে হয় অধিনায়ককে। সাহাদাতের জায়গায় এনামুলকে আনা হলে কিছুটা হলেও রানের গতি কমে আসে। তারপরও স্বমহিমায় খেলে যান স্বাগতিক দলের উদ্বোধনী জুটি। উইকেট অক্ষত রেখে ১১ ওভার ৫ বলে ৫০ রান করে ওয়েস্ট ই্িন্ডজ। প্রথম সাফল্য আসে অধিনায়ক সাকিবের হাত ধরেই। ব্যাক্তিগত ২৩ রানে ডিপমিড উইকেটে তামিমের হাতে ধরা পড়েন উইন্ডিজ উদ্বোধনী ব্যাটসম্যান ওমার ফিলিপস। দ্বিতীয় উইকেট জুটিও মারমুখো হয়ে উঠলে বাংলাদেশের জন্য তা মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু ২৩তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে রিচার্ডস ও হাইন্ডসকে কট অ্যান্ড বোল্ড করে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন অফ স্পিনার মাহমুদুল্লাহ রিয়াদ। রিচার্ডস করেন ৬৯ রান। আর রায়ান হাইন্ডস ২। অভিষেক টেস্টে ৮ উইকেট নিয়ে এখন পর্যন্ত রিয়াদই বাংলাদেশের সফল বোলার। বলতে গেলে প্রথম টেস্ট জয়ে তার অবদান রীতিমতো স্মরণীয়। পঞ্চম দিন ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ধস নামিয়েছিলেন এই অফ স্পিনার। দ্বিতীয় টেস্টেও যে তিনিই বাংলাদেশের বোলারদের নেতৃত্ব দেবেন, শুরুটা দেখলে তা আর বলার অপেক্ষা রাখে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/০০৫৩ ঘ.