২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার আরও উন্নতি দরকার: মাহেলা

নিজেদের মাঠে এক ম্যাচ হাতে থাকতেই ২-০ তে সিরিজ জিতে সফরকারী পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পরও সন্তুষ্ট নন দলের সাবেক অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। তিনি মনে করেন শ্রীলংকার আরও উন্নতির প্রয়োজন রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2009, 03:48 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজেদের মাঠে এক ম্যাচ হাতে থাকতেই ২-০ তে সিরিজ জিতে সফরকারী পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পরও সন্তুষ্ট নন দলের সাবেক অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। তিনি মনে করেন শ্রীলংকার আরও উন্নতির প্রয়োজন রয়েছে। গত মার্চে পাকিস্তানের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক সিরিজের পর দলের অধিনায়কত্ব ছেড়ে দেন মাহেলা। তিনি বলেন, কুমার সাঙ্গাকারা অনভিজ্ঞ একটি দলের অধিনায়ক হিসাবে সঠিকভাবেই দল পরিচালনা করছেন। "দ্বিতীয় টেস্ট জয়টা ছিল দারুণ একটা অর্জন। দলের প্রতিটি ছেলে নিজেকে উজাড় করে দিয়ে খেলেছে," বলেন তিনি। নিজের ব্যক্তিগত ওয়েবসাইটে তিনি আরও লিখেছেন, "আগেভাগেই ২-০ তে এগিয়ে যাওয়া সত্যিই দারুণ একটা ব্যাপার। তবে আমরা এখনও দুর্দান্ত টেস্ট ক্রিকেট খেলতে পারছি না।" মাহেলা বলেন, "ভালো অধিনায়কের কাজই হলো ছকের বাইরে চিন্তা করা এবং সাহসী সিদ্ধান্ত নেওয়া। সাঙ্গাকারা ঠিক এই কাজটিই করছেন।" দল ভালো করলে সাঙ্গাকারা প্রশংসিত হচ্ছেন। আবার কখনও উল্টো ফল হলে সমালোচিত হচ্ছেন। একে খুবই দুঃখজনক বলে অভিহিত করে তিনি বলেন, তবে সাঙ্গাকারা এসব ভালোই বোঝেন এবং শক্ত মনের মানুষ হওয়ায় সবকিছু সামালও দিচ্ছেন ভালভাবেই। গত দুই টেস্টে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পেছনে স্বাগতিকদের কৌশল প্রসঙ্গে জয়বর্ধনে বলেন, "আমরা রান করার সুযোগ খুঁজেছিলাম এবং বাজে বল পেলেই পিটিয়েছি। শেষ টেস্টেও ঠিক এই কাজটিই করতে হবে।" তবে লঙ্কান স্বপ্ন সফল হতে দেবেন না বলেই প্রতিজ্ঞা করেছেন পাকিস্তানী অধিনায়ক ইউনিস খান। ২-০ তে পিছিয়ে থাকা সফরকারীরা শেষ টেস্ট জিতে কিংবা ড্র করে হোয়াইটওয়াশ এড়ানোর চেষ্টা করবে নিঃসন্দেহে। পাশাপাশি চেষ্টা করবে একদিনের সিরিজেও ভালো করার। ইউনিস খান বলেন, "শেষ টেস্টটি আমাদের জিততে হবে। এই টেস্ট জিতে ওয়ানডে সিরিজ শুরু করতে পারলে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে।" আগামী ২০ জুলাই কলম্বোর পি সারা স্টেডিয়ামে শুরু হবে তৃতীয় টেস্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/২১৪৮ ঘ.