২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি

গ্রেনাডায় দ্বিতীয় টেস্ট ড্র হলেও সিরিজ জিতবে বাংলাদেশ। জিতলে হোয়াইটওয়াশ হবে ওয়েস্ট ইন্ডিজ। দু'টোর যাই ঘটুক না কেন, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সামনে রেকর্ডের হাতছানি। অন্তত বিদেশের মাটিতে প্রথম জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2009, 06:53 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রেনাডায় দ্বিতীয় টেস্ট ড্র হলেও সিরিজ জিতবে বাংলাদেশ। জিতলে হোয়াইটওয়াশ হবে ওয়েস্ট ইন্ডিজ। দু'টোর যাই ঘটুক না কেন, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সামনে রেকর্ডের হাতছানি। অন্তত বিদেশের মাটিতে প্রথম জয়। এর সবই জানা আছে বাংলাদেশের ক্রিকেটারদের। স্বপ্নের এই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুক্রবার শুরু হবে গ্রেনাডার ন্যাশনাল স্টেডিয়ামে। "জানি আমাদের কাজ শেষ হয়নি। প্রথম টেস্টে আমরা অসাধারণ একটা জয় পেয়েছি। আমরা নিজেরাও খুশি। এবার সিরিজ জিতলেই ভাল দলের স্বীকৃতি পাওয়ার সুযোগ রয়েছে। দলের সবাই জানে দ্বিতীয় টেস্টে তাদের কি করতে হবে," সিরিজ নির্ধারনী ম্যাচের আগেরদিন নিজেদের লক্ষ্য সম্পর্কে টাইগার ক্রিকেটকে জানিয়েছেন সহকারী অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম টেস্ট জেতায় এ ম্যাচে ফেবারিটের তকমাটা বাংলাদেশের গায়ে। সিরিজ পরাজয়ের কোন সম্ভাবনা না থাকায় ক্রিকেটারদের আত্মবিশ্বাসও বেড়ে গেছে। সেক্ষেত্রে আগের ম্যাচে যাদের ব্যাট থেকে রান আসেনি, তারাও সুযোগ কাজে লাগাতে চাইবে। যদিও দলের প্রধান বোলার মাশরাফির খেলা অনেকটাই অনিশ্চিত। তারপরও সমস্যা হওয়ার কথা নয়। যার প্রমাণ এরই মধ্যে দিয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টের তৃতীয় দিন অধিনায়ক মাশরাফির ইনজুরির পর সাকিবের নেতৃত্বেই ম্যাচ জেতে বাংলাদেশ। সাগর বেষ্টিত ক্যারিবিয়ায় মেঘ আর বৃষ্টির লুকোচুরি বলতে গেলে সব সময় থাকে। তাই গ্রেনাডার ন্যাশনাল স্টেডিয়ামের উইকেটে ময়েশ্চার দেখেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সাকিব আল হাসান বলেন, "গ্রেনাডার আকাশে সবসময়ই মেঘ থাকে। পিচের ওপরের দিকে কিছুটা ময়েশ্চার দেখেছি। এ ধরনের উইকেটে আমাদের স্পিনাররা ভাল করবে।" প্রথম ম্যাচের উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না বাংলাদেশ। কেবল ইনজুরিতে পরা মাশরাফির জায়গায় পরিবর্তন আসতে পারে। মাশরাফির পরিবর্তে নাজমুলকে ওয়েস্ট ইন্ডিজ নিয়ে যাওয়া হলেও ম্যাচে স্পিনার এনামুল হক জুনিয়রের খেলার সম্ভাবনা আছে কন্ডিশনের কারণে। বাংলাদেশ দল যখন সিরিজ জয়ের প্রত্যাশায় মুখিয়ে আছে, ওয়েস্ট ইন্ডিজ তখন নিজেদের ফিরে পেতে মরিয়া। প্রথম টেস্ট হারের ক্ষত নিয়ে দ্বিতীয় টেস্টে নামতে যাচ্ছে শুক্রবার। টেস্টে সমতা আনার জন্য প্রথম টেস্টে নিজেদের ভাল দিকগুলোই খুঁজে ফিরছে স্বাগতিক দলের ক্রিকেটাররা। পেসার ড্যারেন সামি বলেই দিয়েছেন, প্রথম টেস্টেরে পঞ্চম দিনের সকালের ঘটনা ভালই মনে আছে তাদের। মাত্র ২৪ রানের বিনিময়ে বাংলাদেশের পাঁচ ব্যাটসম্যানের উইকেট তুলে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ওই স্মৃতিকে পুঁজি করেই দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারাতে চায় তারা। ড্যারেন সামি বলেন, "প্রথম টেস্টের পঞ্চমদিন সকালের ঘটনার পুনরাবৃত্তি করতে পারলে আগামী ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ ওই সকালে আমরা মাত্র এক ঘণ্টায় পাঁচ উইকেট তুলে নিয়েছিলাম।" আর্নস ভালায় প্রথম টেস্টে বাংলাদেশের ব্যাটিং লাইনে ধস নামে সামির কৃতিত্বে। ম্যাচে ৭০ রানে ৫ উইকেট তুলে নিয়ে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট শিকারের অসাধারণ কৃতিত্ব দেখান। দ্বিতীয় ম্যাচের দলে এরই মধ্যে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটসম্যান রায়ান হার্ডিনকে স্কোয়াডে নেওয়া হয়েছে। ১৫ সদস্যের দল থেকে বার্বাডিয়ান ব্যাটসম্যান ক্রেইগ ব্রেথওয়েট এবং জ্যামাইকান আন্দ্রে ক্রেরিকে বাদ দেয়া হয়েছে। এমন কি, বিদ্রোহী ক্রিকেটারদের ফিরে আসার আহবান জানিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ফ্লয়েড রেইফার (অধিনায়ক), ওমার ফিলিপস, ডেল রিচার্ডস, রায়ান হাইন্ডস, ট্রাভিস ডাউলিন, চেডউইক ওয়ালটন, ড্যারেন সামি (সহকারী অধিনায়ক), কেমার রচ, রায়ান অস্টিন, টিনো বেস্ট, কেভিন ম্যাকলেন, নেলন পাসকাল, নিকিতা মিলার ও ডেভিড বার্নার্ড। বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তাজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ আশরাফুল, রাকিবুল হাসান, সাকিব আল হাসান (সহকারী অধিনায়ত), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাহাদাত হোসেন, রুবেল হোসেন, এনামুল হক জুনিয়র, মাহাবুবুল আলম, নাজমুল হাসান, হেমরাব হোসেন জুনিয়র, সগির হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/০১০০ঘ.