ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----কার্ডিফের অনুপ্রেরণা নিয়েই লর্ডসে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে স্বাগতিক ইংল্যান্ড। সফরকারী অস্ট্রেলিয়া অবশ্য যতটা সম্ভব ওই স্মৃতি ভুলে গিয়েই বৃহস্পতিবার মাঠে নামবে। অল্পের জন্য জয় হাতছাড়া হওয়ায় আপাতত কার্ডিফকে ভুলে থাকতে পারলেই তারা খুশি।
অন্যদিকে প্রথম টেস্টের ভাগ্যক্রমে ড্র-র অনুপ্রেরণাকে পুঁজি করে লর্ডসে দ্বিতীয় টেস্ট জিতে পাঁচ টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে যেতে চায় স্বাগতিকরা।
স্ট্রস বলেন,"আমাদের ওই পারফরম্যান্স থেকে অনেক কিছুই নেওয়ার আছে। পঞ্চম দিনে শেষ বিকেলে আমরা যে লড়াই করেছি, তাতে অধিনায়ক হিসাবে আমি খুবই খুশি। এটা দলের জন্য দারুণ এক প্রতীক। যে প্রতীক অন্য যে কোনও কিছুর চেয়েই গুরুত্বপূর্ণ।"
প্রথম টেস্টে কার্ডিফে ইংল্যান্ডের অ্যাশেজ ডেব্যুটেন্টদের অবশ্য বেশ সংগ্রাম করতে হয়েছে। তবে স্ট্রস আশা করছেন লর্ডসে সে রকমটি হবে না। তারা রিলাক্স মুডেই খেলতে নামবে। যদিও লর্ডসে ১৯৩৪ সালের পরে আর হারেনি অস্ট্রেলিয়া।
কিন্তু তারপরও স্ট্রস লর্ডস জয়ের আশা করছেন,"আমরা অসি ব্যাটসম্যানদের খেলা দেখেছি, তাদের বোলারদের বোলিংও দেখেছি। তাই আমাদের আদাজল খেয়ে খেলতে নামা জরুরি। কার্ডিফ টেস্টের শেষ দিনের কিছু সুখস্মৃতি আমাদের আছে যা আমাদের লর্ডসের প্রথম দিন ভালো করতে সাহায্য করবে।"
তবে স্ট্রসের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ফ্লিনটফের ইনজুরি। এরই মধ্যে এ ইংলিশ অলরাউন্ডার অ্যাশেজ সিরিজ শেষে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন। তার পরিবর্তে স্টিভ হার্মিসনকে কভার হিসাবে রাখা হয়েছে।
সফরকারীরা বোলিং আক্রমণের ধার বাড়াতে স্টুয়ার্ট ক্লার্ককে ডাকতে পারে। তবে আশা করা হচ্ছে কার্ডিফ একাদশ নিয়েই তারা লর্ডসে নামবে। ২০০৫ সালের পিচেই এবার খেলা হবে যেখানে অস্ট্রেলিয়া ইনিংস ব্যবধানে জিতেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এসকে/২৩৪৯ঘ.
bdnews24