লন্ডন, জুলাই ১৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইনজুরি শেষ পর্যন্ত ইংলিশ অলরাউন্ডার এন্ড্রু ফ্লিনটফকে চলতি অ্যাশেজ সিরিজ শেষে টেস্ট ক্রিকেট থেকেই সরে দাঁড়াতে বাধ্য করলো।
তবে তিনি ওয়ানডে এবং টোয়েন্টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন বলে বুধবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়।
নানা ইনজুরিতে ভোগায় ইংল্যান্ডের গত ৪৮টি টেস্টের মধ্যে মাত্র ২৫টি টেস্ট খেলতে পেরেছেন ফ্রেডি। কাল থেকে শুরু হওয়া লর্ডস টেস্টের আগেও তিনি কার্ডিফের প্রথম টেস্টে পাওয়া হাঁটুর চোটে ভুগছিলেন। ডাক্তার বলছে, এ ইনজুরি সারাতে অস্ত্রোপচারের সহায়তা নিতে হতে পারে তার।
৩১ বছরের ফ্লিনটফ বলেন, "আমার শরীর বলছে এখনই সময় থামার। সেই ২০০৫ সাল থেকে দু বছর আমি কিছুই করিনি। শুধু এক ইনজুরি থেকে আরেক ইনজুরি সারিয়ে তোলা ছাড়া।"
"অবসর নিয়ে আমি আগে থেকেই ভাবছিলাম। শেষবার হাঁটুর ইনজুরিতে পড়ার পর মনে হলো এটাই আসলে সঠিক সময়।"
কার্ডিফের প্রথম টেস্টে ৩৫ ওভার বল করা ফ্রেডি হয়তো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে লর্ডসে নাও নামতে পারেন। প্রথম টেস্টে পাওয়া হাঁটুর চোটই প্রধান কারণ।
বলার অপেক্ষা রাখে না, ফ্লিনটনকে খুবই মিস করবে তার দল ইংল্যান্ড। ল্যাঙ্কাশায়ারের এ দুরন্ত অলরাউন্ডার ২০০৫ অ্যাশেজে ছিলেন দলের প্রাণ। মাঠে তার উপস্থিতি সহযোদ্ধাদের দারুণভাবে উজ্জীবিত করে এসেছে।
তাই ইংল্যান্ড ক্যাপ্টেন এন্ড্রু স্ট্রস স্কাই স্পোর্টস নিউজকে বলতে দ্বিধা করেননি,"আমার মতে, বিশ্ব ক্রিকেটে তার নাটকীয় প্রভাব ছিল।"
"ক্রিকেটে নতুন দর্শক আনতেও ও সাহায্য করেছে অনেক। কঠিন সময়ে সাজঘরের চার দেওয়ালের মাঝেও আমাদের অনেকটাই উষ্ণ রেখেছে। আমরা তাকে মাঠে অবশ্যই মিস করব।"
১৯৯৮ সালে ইংল্যান্ডের পক্ষে অভিষেক হয় এন্ড্রু ফ্লিনটফের। তিনি ৭৬টি টেস্ট এবং ১৪১টি ওয়ানডে ম্যাচ খেলেন। টেস্টে তার ব্যাটিং গড় ৩১.৬৯। ঝুলিতে পুরেছেন ২১৯ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এসকে/২২০০ঘ.
bdnews24